শনি-কেতু যোগRahu Gochar Rashifal: ডিসেম্বরেই শনির ঘরে পা বাড়াচ্ছে রাহু, ভাগ্য খুলবে চার রাশিরবছরের শেষলগ্নেই মহাকাশে ঘটতে চলেছে এক মহাজাগতিক ওলটপালট। জ্যোতিষশাস্ত্রের অন্যতম রহস্যময় ও মায়াবী গ্রহ ‘রাহু’ এবার তার আস্তানা বদলাতে চলেছে। আগামী ৫ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা ৩২ মিনিটে বর্তমানের কুম্ভ রাশি ছেড়ে শনির নিজস্ব ঘর মকরে প্রবেশ করবে এই ছায়া গ্রহ। যেহেতু রাহু সবসময় উল্টো চালে অর্থাৎ বক্রী গতিতে ঘোরে, তাই কুম্ভ থেকে পিছিয়ে সে ঠাঁই নেবে মকরের কোলে। আর একবার মকরে জাঁকিয়ে বসলে, পরবর্তী প্রায় ১৮ মাস বা দেড় বছর রাহুদেব সেখানেই ধুনী জ্বালিয়ে বসে থাকবেন।
জ্যোতিষীদের একাংশ বলছেন, রাহুর এই ঘর বদলের জেরে মহাকাশে শনি ও রাহুর মধ্যে তৈরি হতে চলেছে অত্যন্ত বিরল ‘ত্রিএকাদশ যোগ’ এবং ‘চতুর্থ-দশম যোগ’। এই দুই মহাশক্তিশালী যোগের প্রভাবে শুধু আমজনতার জীবনই নয়, গোটা বিশ্বজুড়ে বড়সড় রাজনৈতিক অস্থিরতা, প্রাকৃতিক বিপর্যয়, দুর্ঘটনা বা অভাবনীয় কোনো পরিবর্তনের মেঘ ঘনীভূত হতে পারে। তবে এই মহাজাগতিক ডামাডোলের মধ্যেও চার রাশির জাতক-জাতিকাদের জন্য অপেক্ষা করছে ‘লটারি’। কার কার ভাগ্য ফিরবে রাহুর কৃপায়? দেখে নেওয়া যাক একনজরে:
সিংহ রাশি: সিংহ রাশির জাতকদের জন্য রাহুর এই গোচর ঘটতে চলেছে ষষ্ঠ ঘরে। এর জেরে আপনার জীবনের দীর্ঘদিনের পুঞ্জীভূত বাধা ও মারণ সমস্যাগুলো কর্পূরের মতো উড়ে যাবে। কর্মক্ষেত্রে যে কাজেই হাত দেবেন, সাফল্যের সম্ভাবনা একশো শতাংশ। আপনার কাজের দক্ষতা দেখে বস পর্যন্ত ধন্য ধন্য করবেন। শুধু কর্মক্ষেত্রই নয়, পরিবার বা ভালোবাসার মানুষের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা দূরত্ব ও তিক্ততা মিটে গিয়ে সম্পর্কের সুতো আরও মজবুত হবে। এই দেড় বছরে আপনার ঝুলিতে একাধিক ভ্রমণের সুযোগও আসতে চলেছে।
তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য রাহুর এই অবস্থান হবে চতুর্থ ভাবে। এর প্রভাবে আপনার পকেটে টান পড়ার দিন শেষ, আয়ের একাধিক নতুন রাস্তা খুলে যাবে। তবে হ্যাঁ, সোজা আঙুলে ঘি না-ও উঠতে পারে, কিছুটা পরিশ্রম ও লড়াই আপনাকে করতে হবে। কিন্তু দিনশেষে আপনার আর্থিক বুনিয়াদ থাকবে বেশ শক্তপোক্ত। সবচেয়ে বড় সুখবর রয়েছে তাঁদের জন্য, যাঁরা দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনা, চাকরি বা পাকাপাকিভাবে বসবাসের স্বপ্ন দেখছেন। রাহুর কৃপায় আপনাদের সেই বিদেশ যাত্রার টিকিট এবার পাকা হতে পারে।
বৃশ্চিক রাশি: এই রাশির জাতকদের ক্ষেত্রে রাহুর গোচর হবে তৃতীয় ভাবে। এর ফলে হঠাৎ করেই লক্ষ্মীলাভের একাধিক সুবর্ণ সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে। কর্মজীবনে শুধু যে উন্নতির গ্রাফ ওপরের দিকে উঠবে তাই নয়, কাঁধে আসতে পারে বড় কোনো দায়িত্ব বা প্রমোশন। অতীতে করা কোনো বিনিয়োগ বা শেয়ার বাজার থেকে এবার মোটা টাকা রিটার্ন পেতে পারেন। তবে সাবধান, আয় বাড়ার সঙ্গে সঙ্গে আমোদ-প্রমোদে খরচের বহরও কিন্তু পাল্লা দিয়ে বাড়বে। তাই পকেট সামলাতে আগে থেকেই সঠিক পরিকল্পনা করে চলুন।
মীন রাশি: মীন রাশির জাতকদের জন্য রাহুর এই গোচর হবে একাদশ ঘরে। বর্তমানে আপনাদের রাশিতে শনির সাড়ে সাতির দাপট চলছে, তাই জীবনের ওপর মানসিক চাপ বা ধকল কিছুটা বেশি থাকবে ঠিকই, কিন্তু রাহুর এই গোচর সঞ্জীবনীর কাজ করবে। এতদিন ধরে আটকে থাকা সমস্ত সরকারি বা ব্যক্তিগত কাজ রকেটের গতিতে এগোবে। নিজের একটা মাথা গোঁজার ঠাঁই বা গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে এই সময়ে। মানসিকভাবে আগের চেয়ে অনেক বেশি ফুরফুরে ও আনন্দ অনুভব করবেন। তবে দেদার খরচের যোগ রয়েছে, তাই আর্থিক লেনদেনের সময় একটু চোখ-কান খোলা রেখে চলাই বুদ্ধিমানের কাজ হবে।