18 APRIL, 2026
BY- Aajtak Bangla
হিন্দু ধর্মে প্রায় সারা বছরই নানা উৎসব চলতে থাকে। যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উৎসব হল অক্ষয় তৃতীয়া।
বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়ার উৎসব পালিত হয়। বিশ্বাস অনুযায়ী, যে কোনও কাজ সম্পন্ন করার জন্য এদিন অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
লক্ষ্মী- নারায়ণের আরাধনা এবং নতুন জিনিস কেনার জন্যও এই দিনটিকে সেরা মনে করা হয়।
সংস্কৃত অনুসারে 'অক্ষয়' শব্দের অর্থ হল 'যার কোনও ক্ষয়' নেই অর্থাৎ যা কখনোও শেষ হয় না। তাই মনে করা হয় অক্ষয় তৃতীয়ায় করা যে কোনও কাজ অক্ষয় থাকে।
শাস্ত্র মতে, অক্ষয় তৃতীয়া সুখ প্রদানকারী এবং পাপ নাশকারী তিথি। অক্ষয় তৃতীয়ার দিন সোনা- রুপো কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
এবছর অক্ষয় তৃতীয়া কোন দিন পড়েছে তা নিয়ে বিভ্রান্তি আছে। ১৯ এপ্রিল (বাংলায় ৫ বৈশাখ) ও ২০ এপ্রিল (বাংলায় ৬ বৈশাখ) অক্ষয় তৃতীয়ার শুভ তিথি পড়েছে।
১৯ এপ্রিল বেলা ১/১৩/১৮ থেকে ২০ এপ্রিল সকাল ১০/৫১/৫৮ পর্যন্ত তৃতীয়া থাকবে। তাই এই দু'দিনের মধ্যে যে কোনও একদিন পুজো করা যেতে পারে।
অক্ষয় তৃতীয়ার দিন ব্যবসায়ী লক্ষ্মী-গণেশ পুজোর আয়োজন করেন। অনেকে দোকানে এদিন হালখাতা হয়। শুধু দোকান নয়, অনেকে বাড়িতেও পুজো করেন।
এছাড়া বিভিন্ন মন্দিরে ভক্তেরা ভিড় জমান। বিশ্বাস করা হয় যে, এদিন সোনা কিনলে পরিবারে সুখ-সমৃদ্ধি ঘটে।