16 JULY, 2026
BY- Aajtak Bangla
অনেকেই বাজার থেকে কেনার বদলে বাড়িতেই বেগুনি তৈরি করেন। কিন্তু বেগুনি চপের দোকানের মতো মুচমুচে হয় না।
তবে, কিছু টিপস মানলে বাড়িতে বানানো বেগুনিও মুচমুচে আর ফুলকো হবে।
মুচমুচে ও ফুলকো বেগুনি বানানোর মন্ত্র লুকিয়ে থাকে বেসনের মিশ্রণে। তো চলুন জেনে নেওয়া যাক কীভাবে বানাবেন মুচমুচে আর ফুলকো বেগুনি।
লম্বা-পাতলা করে কাটা বেগুন , কালো জিরে, চালের গুঁড়ো আধ কাপ, খাবার সোডা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতো, তেল প্রয়োজন মতো।
প্রথমে বেগুন নুন জলে ভিজিয়ে রাখুন। এতে বেগুন ভাজার পরে কালো হয়ে যাবে না এবং এর ভেতরেও নুন ঢুকবে। এবার বেগুনের টুকরোগুলো থেকে ভালভাবে জল ঝরিয়ে নিন।
এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে বেগুনের টুকরোর এপিঠ ওপিঠে মাখিয়ে রেখে নিন।
এরপর বাটিতে বেসন নিয়ে, চালের গুঁড়ো, খাবার সোডা, নুন ও কালো জিরে ভালভাবে মিশিয়ে নিন। এবার পরিমাণমতো জল দিয়ে মিশ্রণটি থকথকে করে ফাটিয়ে নিন। বেশি মোটা বা পাতলা করবেন না।
প্যানে তেল দিয়ে ভালভাবে গরম করুন। এরপর পাতলা করে কেটে রাখা বেগুন বেসনে ভালভাবে চুবিয়ে ডুবো তেলে বাদামি করে ভাজুন। এরপর ভালভাবে তেল ঝরিয়ে অন্য পাত্রে নামিয়ে নিন।