29 JANUARY, 2026
BY- Aajtak Bangla
শীত মানেই পিঠেপুলি উৎসব। এই সময় দিকে দিকে নানা রকম মেলা চলে আর সেখানে প্রচুর পিঠেও আসে। পিঠে, নাড়ু, মোয়া এই সব খাবারের কোনও তুলনা নেই। পুলিপিঠে, পাটিসাপটা এসব বাড়িতে বানানো হলেও চিতই পিঠে বানাতে সকলে জানেন না।
বাড়িতে পিঠে তেমন হয় না বলেই এই প্রজন্মের বাচ্চাদের সঙ্গে পিঠের যোগ সেভাবে নেই। যে কারণে মেলাতে পিঠে কিনে খাওয়ার ধুম পড়ে যায়। বানানো ঝক্কি হলেও বছরে এই একটা সময়ই পিঠে বানানো হয়। তাই কাজের ফাঁকে সময় করে একবার বানিয়ে ফেলুন এই চিতই পিঠে।
মিষ্টি ভাল না লাগলে তেমনই ভিন্ন স্বাদের ঝাল ঝাল ডিম চিতই তৈরি করতে পারেন এবারের শীতে। এই পিঠে একবার খেলে মন জুড়িয়ে যাবে। বিশেষ করে শীতের বিকেলে ঝাল ঝাল ডিম পিঠের স্বাদ নেওয়ার মজাই আলাদা। জেনে নিন ঘরেই কীভাবে তৈরি করবেন এই পিঠে-
আতপ চাল আধা কাপ সেদ্ধ চাল ১ কাপ নুন স্বাদমতো বেকিং পাউডার ১ চা চামচ ডিম প্রতি পিঠেতে ১টি পেঁয়াজ, লঙ্কা ও ধনেপাতা কুচি ময়দা ১ টেবিল চামচ কুড়ানো নারকেল আধা কাপ ও হালকা গরম জল পরিমাণমতো
চাল ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর ভেজা অবস্থায় মিহি করে বেটে নিন। এরপর সব উপকরণ একসঙ্গে নিয়ে ব্লেন্ড করে নিতে হবে।
এরপর এক ঘণ্টা ব্যাটার ঢেকে রাখতে হবে। খেয়াল রাখবেন ব্যাটার যেন বেশি ঘন বা পাতলা না হয়। সবশেষে ডিমের সাদা অংশ মেশাতে হবে। একটি বাটিতে অল্প তেল পাশে রাখুন।
এবার লোহার কড়াই বা মাটির পিঠের ছাঁচ গ্যাসে গরম করে নিন। নরম কাপড়ে তেল মাখিয়ে কড়াইতে ঘষে নিন। এরপর বড় চামচের এক চামচ ব্যাটার প্যানে ঢেলে দিন।
কিছুক্ষণ পর পিঠের বুদবুদ উঠলেই উপর দিয়ে ডিম ভেঙে এর সঙ্গে গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিন। সামান্য নুন দিয়ে এবার ঢেকে রাখুন কিছুক্ষণ।
গ্যাসের আঁচ কম রাখতে হবে। না হলে পুড়ে যেতে পারে। ৩-৪ মিনিট পর পিঠে তুলে নিন। ঝাল ঝাল ডিম চিতই পরিবেশন করুন ধনিয়া ভর্তার সঙ্গে।
মাংস কিংবা ভর্তা ছাড়া বা সহ যেভাবেই খান না কেন গরম গরম খেলে এই পিঠের সুস্বাদ মুগ্ধ করবেই।