02 June 2026

BY- Aajtak Bangla

টেস্টি চিকেন কিমা ঘুগনির রেসিপি, খেলেই হাত চাটবেন

ঘুগনি খেতে অনেকেই ভালোবাসেন। তবে এক ধরনের ঘুগনি খেতে খেতে মুখে অরুচি হয়ে যায়। এমন পরিস্থিতিতে বানিয়ে নিতেই পারেন চিকেন কিমা ঘুগনি। জেনে নিন এর রেসিপি। 

কী কী লাগবে? ২৫০ গ্রাম মটর সারারাত ভিজিয়ে রাখুন। পাশাপাশি লাগবে ৫০০ গ্রাম চিকেন কিমা, আলু ১টি, পেঁয়াজ ২টি, টমেটো ২টি ও আদা রসুন বাটা ১ টেবিল চামচ। 

এছাড়া কাঁচা লঙ্কা ৩ থেকে ৪টি, ১ চামচ জিরে গুঁড়ো, ১ চামচ ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চামচ, হলুদ গুঁড়ো ১ চামচ। ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলা নিন।

পাশাপাশি জিরে, ধনে ও শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিন ৩-৪ টেবিল চামচ। এছাড়া নুন, চিনি ও সামান্য ঘি লাগবে। 

সবার প্রথমে ভিজিয়ে রাখা মটর সামান্য নুন ও হলুদ দিয়ে প্রেশার কুকারে ৩-৪টি সিটি দিয়ে সেদ্ধ করুন। এরপর কড়াইতে তেল গরম করে আলুর টুকরোগুলো লালচে করে ভেজে তুলে রাখুন। ওই তেলেই চিকেন কিমা সামান্য নুন দিয়ে হালকা ভেজে তুলে নিন।

ওই কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলার ফোড়ন দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে সোনালী করে ভাজুন। আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষান।

টমেটো কুচি ও সমস্ত গুঁড়ো মশলা সামান্য জল দিয়ে কড়াইতে দিন। তেল ভেসে না ওঠা পর্যন্ত মশলা কষাতে হবে। 

মশলা কষে এলে ভেজে রাখা আলু, চিকেন কিমা এবং সেদ্ধ মটর দিয়ে দিন। পরিমাণমতো জল ও নুন দিয়ে ঢাকা দিয়ে ৫-৭ মিনিট মাঝারি আঁচে ফুটতে দিন।

গ্রেভি ঘন হয়ে আসবে। তারপর সামান্য চিনি, ভাজা মশলা ও ঘি ছড়িয়ে দিন। এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিন। ব্যাস, তৈরি চিকেন কিমা ঘুগনি।