5 August, 2026

BY- Aajtak Bangla

বাড়িতেই হবে বিয়েবাড়ি স্টাইলের কাতলা কালিয়া, রেসিপি জানুন

কাতলা মাছ তো প্রায়ই খান। তবে বিয়েবাড়ি স্টাইলের কাতলা কালিয়া বানাতে পারেন কি? সেই পদ্ধতি না জানা থাকলে পড়ুন।

কী কী লাগবে? ৫০০ গ্রাম কাতলা মাছ নিন। ১টি মাঝারি আলু (চার টুকরো করা), পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা, টমেটো কুচি বা পেস্ট, টক দই, কাজুবাদাম বাটা, গরম মশলা গুঁড়ো, ঘি এবং সরষের তেল নিতে হবে।

এছাড়া ফোঁড়নের জন্য তেজপাতা, ছোট এলাচ, দারচিনি ও লবঙ্গ নিয়ে নিন। তারপর পদটা তৈরির পালা।

প্রথমে মাছের টুকরোগুলো হলুদ ও নুন মাখিয়ে হালকা ভেজে তুলে রাখতে হবে।

এরপর আলুর টুকরোতে সামান্য হলুদ ও নুন দিয়ে লালচে করে ভেজে নিন। এবার তেলের মধ্যে ফোঁড়ন দিয়ে পেঁয়াজ বাটা, আদা-রসুন বাটা দিন।

টমেটো পেস্ট, কাজুবাদাম বাটা ও ফেটানো টক দই দিয়ে ভালো করে মশলা কষান। তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে।

তারপর কষানো মশলায় পরিমাণমতো উষ্ণ জল ও ভাজা আলু দিয়ে ঢেকে রাখুন।

ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলো দিয়ে দিন। নামানোর আগে সামান্য গরম মশলা গুঁড়ো, সামান্য চিনি ও এক চামচ ঘি ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল বিয়ে বাড়ি স্টাইলের কাতলা কালিয়া।