31 August, 2026

BY- Aajtak Bangla

বাড়িতে এভাবে বানান চিকেন ডাকবাংলো, খেলে হাত চাটবেন

বাড়িতেই বানিয়ে নিন চিকেনের একটা সেরা পদ। এটির নাম চিকেন ডাকবাংলো। এটা বানানোও ভীষণ সহজ। জেনে নিন এর রেসিপি। 

কী কী লাগবে? চিকেন লাগবে ১ কেজি। সেই সঙ্গে ২টি আলু নিন মাঝখান দিয়ে টুকরো করা। এছাড়া সিদ্ধ ডিম নিতে হবে ৪টি। 

এছাপেঁয়াজ কুচি নিন ৩টি মাঝারি আকারের। সঙ্গে নিতে হবে ১টা টমেটোর কুচি। এছাড়া আদা ও রসুন বাটা ২ চামচ করে নিতে হবে। 

৪  থেকে ৫ চামচ দই, সর্ষের তেল পরিমাণ মতো, গোটা গরম মশলা নিন। সেই সঙ্গে জিরে, ধনে, শুকনো লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো নিন। আর নুন ও কাঁচা লঙ্কা লাগবে স্বাদমতো। 

এবার প্রথমে ধুয়ে রাখা চিকেনে টক দই, আদা-রসুন বাটা, হলুদ ও সামান্য সর্ষের তেল মাখিয়ে নিন। সেটা ৩০ মিনিট ম্যারিনেট করতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করুন। 

সেটায় নুন-হলুদ মাখানো আলু ও সেদ্ধ ডিম হালকা ভেজে নিতে হবে। এরপর ওই তেলেই গোটা গরম মশালা ও তেজপাতা দিয়ে ফোড়ন দিতে হবে।

এরপর পেঁয়াজ কুচি দিয়ে সোনালি করে ভাজুন। আদা-রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে ভাল করে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছাড়লে ম্যারিনেট করা চিকেন কড়াইতে দিয়ে দিতে হবে।

মাঝারি আঁচে কষতে হবে। ঢাকা দিয়ে কষুন। মাংস কিছুটা কষে এলে ভেজে রাখা আলু দিয়ে দিন। 

সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা সেদ্ধ ডিমগুলো ঝোলে দিয়ে দিন। তারপর ২-৩ মিনিট ফুটিয়ে নিন। নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা ও গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। গরম ভাত বা পোলাওয়ের সাথে পরিবেশন করুন।