BY- Aajtak Bangla
7 September, 2026
ডিম খেতে অনেকেই ভালোবাসেন। তবে এর রিচ পদ খেতে চান না। এর বদলে আপনি বানিয়ে নিতে পারেন হালকা সুস্বাদু ডিম আলুর ঝোল। জেনে নিন কী কী লাগবে।
সিদ্ধ ডিম নিন ২ থেকে ৩টে। এছাড়া আলু নিন ২টি। সেই সঙ্গে ১টি মাঝারি সাইজের পেঁয়াজের কুচি নিতে হবে।
এছাড়া আদা ও রসুন বাটা লাগবে ১ চামচ। টমেটো নিন আধখানা। এছাড়া হলুদ ও জিরে গুঁড়ো আধ চামচ করে, স্বাদমতো লঙ্কা গুঁড়ো বা চেরা কাঁচা লঙ্কা নিন। সেই সঙ্গে ফোড়ন হিসেবে জিরে ও তেজপাতা নিতে হবে। এছাড়া তেল ও নুনও নিন।
সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে সামান্য হলুদ ও নুন মাখিয়ে নিন। তারপর কড়াইতে হালকা করে ভেজে নিতে হবে।
ওই তেলেই তেজপাতা ও গোটা জিরে ফোড়ন দিয়ে দিন। এবার পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি করে ভেজে নিতে হবে।
আদা-রসুন বাটা, হলুদ, জিরে ও লঙ্কা গুঁড়ো সামান্য জল দিয়ে কড়াইতে দিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়লে টমেটো কুচি ও আলু দিয়ে ২ মিনিট কষিয়ে নিতে শুরু করুন।
পরিমাণমতো জল দিন। তারপর স্বাদমতো নুন দিয়ে ঢেকে দিতে হবে।
ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো ঝোলে ছেড়ে দিন। তৈরি সেরা ঝোল।