BY- Aajtak Bangla
ডিম খেতে ভালোবাসেন? কিন্তু রোজ রোজ এর পুরনো পদ খেতে ভালোলাগে না? তাহলে আজ একটা ভাল খবর দেব।
আজ জেনে নিন ডিম ভাপার রেসিপি। তারপর তড়িঘড়ি এটা বানিয়ে নিন।
সবার প্রথমে ৪টি ডিম সেদ্ধ করে নিন। তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে।
এবার ২ টেবিল চামচ সরষে, ১ টেবিল চামচ পোস্ত, ১ টেবিল চামচ নারকেল কোরা এবং ৩-৪টি কাঁচা লঙ্কা একসাথে সামান্য নুন দিয়ে মিহি করে বেটে নিন।
একটি টিফিন বক্সে সরষে-পোস্ত বাটা, সামান্য হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, ২ টেবিল চামচ কাঁচা সর্ষের তেল এবং চেরা কাঁচা লঙ্কা ভালো করে মিশিয়ে নিতে হবে।
এবার মশলার মিশ্রণে সেদ্ধ ডিমগুলো দিয়ে আলতো করে মাখিয়ে নিন। তারপর টিফিন বক্সের ঢাকনা ভালো করে বন্ধ করুন।
কড়াইতে জল গরম করে তার মধ্যে টিফিন বক্সটি বসিয়ে দিন। দেখবেন যেন জল বক্সের অর্ধেক পর্যন্ত থাকে। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ভাপিয়ে নিন।
তৈরি হয়ে গেল এই ডিম ভাপা। এবার গ্যাস বন্ধ করে কিছুক্ষণ রেখে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।