BY- Aajtak Bangla

রোদের তাপ থেকে বাঁচতে ম্যাজিক পানীয়: বাড়িতেই বানান ঠান্ডা ঠান্ডা ‘শসার লেমনেড’

29April, 2026

শসা শরীরকে হাইড্রেটেড রাখে, আর লেবু জোগান দেয় ভিটামিন-সি। দুইয়ের যুগলবন্দিতে এই শরবত নিমেষেই আপনার ক্লান্তি ধুয়ে মুছে দেবে। রইল সহজ ঘরোয়া রেসিপি।

উপকরণ একেবারে হাতের কাছের জিনিস দিয়েই তৈরি হবে এই পানীয়। মাঝারি মাপের ১টি শসা (টুকরো করে কাটা), ১টি পাতিলেবুর রস, ৩-৪ চামচ চিনি (স্বাদমতো), এক চিমটি বিটনুন, কয়েকটা পুদিনা পাতা এবং ঠান্ডা জল। ব্যস, এই সামান্য উপকরণেই কেল্লাফতে!

প্রথমে শসাটি ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার মিক্সিতে শসার টুকরো আর পুদিনা পাতা দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিন।

একটি ছাঁকনি দিয়ে শসার রসটি ছেঁকে নিন যাতে কোনো বড় অংশ না থাকে।

এবার একটি বড় জগে ওই শসার রসের সাথে ঠান্ডা জল, লেবুর রস, চিনি এবং বিটনুন মিশিয়ে ভালো করে নাড়তে থাকুন যতক্ষণ না চিনি গুলে যাচ্ছে।

গ্লাসে ঢালার আগে কয়েক টুকরো বরফ দিয়ে দিন। সাজানোর জন্য ওপর থেকে এক টুকরো গোল করে কাটা শসা আর পুদিনা পাতা ভাসিয়ে দিতে পারেন।

দফতর থেকে ফিরে কিংবা ভরদুপুরে এক গ্লাস এই শরবত পেটে পড়লে শরীর ও মন দুটোই চাঙ্গা হয়ে উঠবে।