13 August, 2026
BY- Aajtak Bangla
পরোটা খেতে ভালোবাসেন? তাহলে আজ পুষ্টিকর একটি রেসিপির কথা বলব। এর নাম ছাতুর পরোটা। এই পদ বানানো খুবই সহজ।
আটার ডো তৈরির জন্য কী লাগবে? ২ কাপ আটা। এছাড়া নুন, তেল ও জল সামান্য পরিমাণে নিন।
পুরের উপকরণ ছাতু লাগবে ১ কাপ। এছাড়া পেঁয়াজ কুচি মাঝারি সাইজের, কাঁচা লঙ্কা ৪ থেকে ৫টি, আদা কুচি ১ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, ধনেপাতা ২ চামচ, সর্ষের তেল ১ চামচ, পাতিলেবুর রস ১ চামচ লাগবে। এছাড়া জিরে ও নুন নিন।
প্রথমে একটি পাত্রে আটা, নুন ও অল্প তেল মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে নরম করে আটা মেখে নিন। ঢাকা দিয়ে ১৫ মিনিট রেখে দিন।
এবার একটি বড় পাত্রে ছাতু নিন। তাতে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা, রসুন, ধনেপাতা, নুন, লেবুর রস ও সর্ষের তেল দিন।
তারপর হাত দিয়ে ভাল করে মেখে ঝুরঝুরে করে নিন। সামান্য জল ছিটিয়ে পুরটি একটু ভেজা ভেজা করতে পারেন।
আটার ডো থেকে লেচি কেটে নিন। লেচির মাঝখানটা গোল করে তাতে ২ চামচ ছাতুর পুর দিয়ে আঙুল দিয়ে চেপে বন্ধ করে দিন।
সামান্য আটা গুঁড়ো ছড়িয়ে পরোটা হালকা হাতে গোল করে বেলে নিন। তাওয়া গরম করে পরোটা দিন। এপিঠ-ওপিঠ সেঁকে নিয়ে তেল বা ঘি ব্রাশ করে সোনালী ও মচমচে করে ভেজে তুলুন।