BY- Aajtak Bangla
আজ একটা সেরা পরোটার রেসিপি দেব। এটির নাম হল চিকেন কিমা পরোটা। এটি একবার খেলে ভুলতে পারবেন না। তাই দ্রুত চিকেন কিমা পরোটার রেসিপিটা জেনে নিন।
পরোটার ডো তৈরির জন্য ময়দা বা আটা ২ কাপ মতো।,তেল ১ টেবিল চামচ, নুন স্বাদমতো।
এছাড়া চিকেন কিমা বানানোর জন্য ২৫০ গ্রাম চিকেন কিমা, পেঁয়াজ কুচি ১টি, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাঁচা লঙ্কা কুচি ২-৩টি, জিরে ও ধনে গুঁড়ো ১ চা চামচ করে।
পাশাপাশি হলুদ ও লঙ্কা গুঁড়ো আধ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, ধনে পাতা কুচি ২ টেবিল চামচ, তেল ও নুন পরিমাণ মতো।
প্রথমে একটি পাত্রে ময়দা, তেল ও নুন ভালো করে মিশিয়ে নিন। এবার অল্প অল্প জল দিয়ে নরম ডো তৈরি করুন।
এরপর প্যানে তেল গরম করে পেঁয়াজ কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। পেঁয়াজ নরম হলে আদা-রসুন বাটা দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। এরপর সমস্ত গুঁড়ো মশলা, হলুদ ও নুন সামান্য জল দিয়ে কষিয়ে নিন।
তারপর মশলা থেকে তেল ছাড়লে চিকেন কিমা দিন। এটি ভালো করে মিশিয়ে নিতে হবে। কিমা সেদ্ধ হয়ে জল শুকিয়ে গেলে গরম মশলা ও ধনে পাতা মিশিয়ে নামিয়ে নিন। এবার পুর পুরোপুরি ঠান্ডা হতে দিতে হবে।
এবার মাঝারি আকারের লেচি কেটে নিন। তাতে পুর ভরে বেলে নিন। তারপর প্যানে এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল চিকেন কিমা পরোটা।