28 SEPTEMBER,  2026

BY- Aajtak Bangla

বাড়িতে বানান অভিনব ইলিশ পোস্ত, জানুন সহজ রেসিপি

ইলিশের হরেক রকম পদ তো খেয়েছেন। এবার বাড়িতেই বানিয়ে নিন ইলিশ পোস্ত। এটি খেতে হবে দারুণ। 

কীভাবে বানাবেন? ৪ থেকে ৫ টুকরে ইলিশ মাছ নিন, পোস্ত বাটা লাগবে ৩ বড় চামচ, কাঁচা লঙ্কা নিন ৫ থেকে ৬টি, হলুদ গুঁড়ো নিতে হবে আধ চা চামচ।

এরপর সর্ষের তেল ৪ বড় চামচ। কালো জিরে লাগবে সামান্য। এছাড়া নুন নিন স্বাদমতো। 

এবার সবার প্রথমে ইলিশ মাছ ধুয়ে নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ১০ মিনিট রেখে দিন।

তারপর কড়াইতে সর্ষের তেল গরম করুন। তাতে মাছের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে দিন। তারপর সেই তেলেই অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন দিন।

এবার কড়াইতে পোস্ত বাটা, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো এবং স্বাদমতো নুন দিন। তারপর মাঝারি আঁচে কষাতে থাকুন।

মশলা থেকে তেল ছাড়লে একটু জল দিন। তারপর ঝোল ফোটার জন্য অপেক্ষা করুন। ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো তাতে দিয়ে দিন।

মাঝারি আঁচে ৫-৭ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে থাকুন। ঝোল মাখা মাখা হয়ে এলে উপর থেকে কাঁচা সর্ষের তেল ও চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে হবে। তারপর গ্যাসটা বন্ধ করে দিন। তৈরি হয়ে গেল সুস্বাদু পোস্ত ইলিশ।