BY- Aajtak Bangla
পনিরের পদ খেতে ভালোবাসেন? তাহলে এবার একটু অন্য কিছু ট্রাই করুন। বাড়িতেই বানান মেথি পনির। জেনে নিন কীভাবে বানাবেন।
কী কী লাগবে? পনির ২০০ গ্রাম, মেথি শাক ১ কাপ, পেঁয়াজ ১ কাপ, ১টি বড় পেঁয়াজ বাটা, টমেটো, আদা-রসুন বাটা ১ চা চামচ, কাজুবাদাম বাটা ২ চামচ ও ফ্রেশ ক্রিম ২ চামচ।
এছাড়া জিরে, তেজপাতা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো নিন। নুন ও চিনি নিন স্বাদমতো। সেই সঙ্গে তেল লাগবে রান্নার জন্য।
কড়াইতে সামান্য তেল গরম করুন। তাতে কুচানো মেথি শাক দিন। তারপর সামান্য নুন দিয়ে হালকা ভেজে তুলে রাখুন।
ওই কড়াইতে আরও কিছুটা তেল দিন। এবার জিরে ও তেজপাতা ফোড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ বাটা ও আদা-রসুন বাটা দিয়ে ভাল করে কষুন।
মশলা থেকে তেল ছাড়লে টমেটো পেস্ট ও কাজুবাদাম বাটা দিন। মশলা ভাল করে কষে নিতে হবে।
তারপর হলুদ ও লঙ্কা গুঁড়ো দিন। এবার পরিমাণমতো জল ও স্বাদমতো নুন-চিনি দিতে হবে। ঝোল ফুটলে ভেজে রাখা মেথি শাক মিশিয়ে দিন।
গ্রেভি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন। তারপর পনিরের টুকরোগুলো দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নিন। শেষে ওপর থেকে ফ্রেশ ক্রিম ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন।