BY- Aajtak Bangla
পনির তো প্রায়ই খান। এবার বাড়িতে বানিয়ে নিন মেথি পনির। এটি টেস্টি এবং অভিনব পদ। জেনে নিন এটি বানানোর রেসিপি।
কী লাগবে? পনির নিন ২০০ গ্রাম, মেথি শাক লাগবে ১ কাপ, ১টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিন, টমেটো পেঁয়াজ বাটা লাগবে ১ কাপ। এছাড়া আদা-রসুন বাটা নিন ১ চা চামচ। হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো নিন আধ চা চামচ করে।
জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো লাগবে ১ চা চামচ করে। গরম মশলা গুঁড়ো লাগবে আধ চা চামচ। তেল বা ঘি ২ টেবিল চামচ নিন। নুন নিতে হবে স্বাদমতো।
কড়াইতে সামান্য তেল দিন। তাতে কুচানো মেথি শাক হালকা নরম করে ভেজে তুলে নিন। এবার ওই তেলেই পনিরের টুকরোগুলো হালকা সোনালী করে ভেজে নিন। তারপর জলে ভিজিয়ে রাখুন। তাতে পনির নরম থাকবে।
তারপর কড়াইতে বাকি তেল দিন। সেটা গরম করুন। তাতে জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজ কুচি দিয়ে সোনালী করে ভাজতে থাকুন।
আদা-রসুন বাটা এবং টমেটো দিয়ে ভাল করে কষাতে থাকুন। এরপর হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে।
কষানো মশলায় ভেজে রাখা মেথি শাক দিন। সামান্য জল ও স্বাদমতো নুন দিয়ে ২ মিনিট ফুটিয়ে নিতে হবে।
এবার ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। তারপর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিন। এভাবে আরও ২ মিনিট ঢাকা দিয়ে রান্না করতে থাকুন।
গ্রেভি মাখা-মাখা হয়ে গেলে নামিয়ে নিন। গরম রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন মেথি পনির। খেতে হবে দারুণ।