BY- Aajtak Bangla
11 February, 2026
পাঁঠার মাংস খেতে কে না ভালবাসে। মাটন প্রেমীরা নানান ধরণের রেসিপি ট্রাই করে দেখতে পছন্দ করেন। আমিষ নিরামিষ নানান ভর্তা থাকলেই একথালা ভাত খাওয়া হয়ে যায় নিমেষেই।
আলু, কুমড়ো থেকে পেঁয়াজ, রসুন, কালোজিরে, মাছ, ডিম, চিকেন সবকিছুরই ভর্তা হয়।
বাঙালি মাংসের ঝোল, মাটন কষা থেকে ভিন্ন স্বাদের রেসিপিও অনেকে চেখে দেখেছেন। এবার জেনে নিন দক্ষিণী স্টাইলে পাঁঠার মাংসের ভর্তার রেসিপি-
হাড় ছাড়া পাঁঠার মাংস- ৩০০ গ্রাম, আদা রসুন বাটা- ১ টেবিল চামচ, গোটা জিরে- ১ চা চামচ, গোলমরিচের গুঁড়ো- ১ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো- ১ চা চামচ, শুকনো লঙ্কা কুচি- ১ টেবিল চামচ, কাঁচালঙ্কা কুচি- ১ টেবিল চামচ, তেঁতুলের কাথ- ৩ টেবিল চামচ, কারিপাতা- ৭-৮ টি, তেজপাতা- ২ টি, ধনেপাতা কুচি- ৪ টেবিল চামচ, ঘি, সাদা তেল।
প্রথমেই আদা রসুন বাটা, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। এরপর সেদ্ধ মাংস (Recipe) ভালো করে থেঁতো করে মেখে নিতে হবে।
কড়াইতে সাদা তেল এবং ঘি গরম করে ফোরন দিতে হবে জিরে, তেজপাতা, কারিপাতা, শুকনো লঙ্কা কুচি।
এবার কড়াইতে দিয়ে দিতে হবে সেদ্ধ করা মাংস, কাঁচালঙ্কা কুচি এবং গরম মশলা গুঁড়ো। তেল বেরোনো পর্যন্ত ভালো করে মশলা কষাতে হবে। এরপর তাতে মেশাতে হবে তেঁতুলের কাথ এবং ধনেপাতা কুচি।
তারপর দিতে হবে স্বাদমতো নুন এবং চিনি। ভাজা ভাজা হয়ে এলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু পাঁঠার মাংসের ভর্তা।