BY- Aajtak Bangla
কচুরি তো অনেক খেয়েছেন। এবার বানিয়ে নিন চিংড়ি মাছের কচুরি। কীভাবে বানাবেন? জেনে নিন।
কী লাগবে? কুচো চিংড়ি, পেঁয়াজ কুচি, আদা-রসুন বাটা, কাঁচালঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন ও তেল লাগবে।
এছাড়া ময়দা, তেল, সামান্য নুন ও জল নিয়ে নিন ডো তৈরি করার জন্য।
এবার সবার প্রথমে প্যানে তেল গরম করুন। তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিন। সোনালী করে ভাজুন।
তারপর আদা-রসুন বাটা ও সব গুঁড়ো মশলা দিয়ে দিতে হবে। ভালভাবে কষিয়ে নিন। মশলা কষে এলে চিংড়ি মাছ ও নুন দিন।
বারবার করে নাড়ুন। জল শুকিয়ে পুর শুকনো ও মাখা-মাখা হলে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
তারপর ময়দার সঙ্গে নুন ও তেল ভাল করে মিশিয়ে নিন। তারপর জল দিয়ে নরম করে মেখে নিন। মাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিন।
এবার হাতের সাহায্যে চামচ দিয়ে চিংড়ির পুর দিন। চারপাশ থেকে মুখ ভাল করে বন্ধ করে গোল করে নিন।
অল্প তেল দিয়ে পুর ভরা লেচিগুলো হালকা হাতে বেলে নিতে হবে। কড়াইতে পর্যাপ্ত তেল গরম করুন। তারপর ভেজে নিন দুই পাশ। তৈরি হয়ে গেল চিংড়ি মাছের কচুরি।