20 August, 2026
BY- Aajtak Bangla
কচুরি খেতে ভালোবাসলে এই নিবন্ধটি পড়তেই হবে। কারণ, আজ জানাব অভিনব চিংড়ি মাছের কচুরি তৈরি করার পদ্ধতি। তাই ঝটপট এটি তৈরির রেসিপি জেনে নিন।
কী কী লাগবে? ময়দা নিন ২ কাপ। সেই সঙ্গে পরিষ্কার করা ছোট চিংড়ি লাগবে ৪০০ গ্রাম। এছাড়া পেঁয়াজ কুচি নিন আধ কাপ, রসুন কুচি ১ চামচ। এছাড়া এক চিমটে কালোজিরে লাগবে।
এছাড়া হলুদ নিতে হবে আধ চা চামচ। তার সঙ্গে স্বাদমতো নুন নিন। এছাড়া সাদা তেল লাগবে পরিমাণ মতো।
সবার প্রথমে ডো বানাতে হবে। সেক্ষেত্রে একটি পাত্রে ময়দা, সামান্য নুন, কালোজিরে এবং ২ চামচ তেল দিয়ে ভাল করে মিশিয়ে নিতে হবে।
তারপর হালকা উষ্ণ জল দিয়ে ময়দা নরম করে মেখে নিন। এরপর ১০ থেকে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
এবার পুর তৈরি করতে হবে। সেক্ষেত্রে কাঁচা লঙ্কা এবং পরিষ্কার করা চিংড়ি মাছ নিন। হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মাঝারি আঁচে জল শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজুন।
মিশ্রণটি শুকিয়ে ঝরঝরে হলে নামিয়ে ঠান্ডা করুন। ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে বেটে মিহি পেস্ট বানিয়ে নিন।
তারপর মাখা ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে। প্রতিটি লেচির ভেতরে ১ চামচ করে চিংড়ির পুর ভরে নিন। তারপর মুখ ভাল করে বন্ধ করে রাখার পালা।
সামান্য তেল বা ময়দা লাগিয়ে হালকা হাতে বেলে নিন। কড়াইতে তেল গরম করে মাঝারি আঁচে কচুরিগুলো সোনালী ও ফুলকো করে ভেজে তুলে রাখুন। তাহলেই কাজ শেষ।