4 August, 2026
BY- Aajtak Bangla
বর্ষা হল ইলিশ মাছের মরসুম। আর এই সিজনে সহজেই বানিয়ে নিন আমতেল ইলিশ। এই পদ বানানোর রাস্তা জানুন।
এক্ষেত্রে ইলিশ মাছ লাগবে ৪ থেকে ৫ টুকরো। সেই সঙ্গে আম তেল ২ বড় চামচ। এছাড়া সর্ষে বাটা ২ বড় চামচ, হলুদ গুঁড়ো ১ চা চামচ, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো নিন।
এছাড়া কাঁচা লঙ্কা ৫ থেকে ৬টি, সর্ষের তেল ও নুন নিন পরিমাণ মতো।
এবার প্রথমে ইলিশ মাছের টুকরোগুলোতে সামান্য নুন ও হলুদ গুঁড়ো মাখিয়ে ১০ মিনিট রেখে দিতে হবে।
তারপর কড়াইতে পরিমাণমতো সর্ষের তেল গরম করুন। মাছের টুকরোগুলো হালকা করে এপিঠ-ওপিঠ ভেজে তুলে নিতে হবে।
এবার কড়াইয়ের বাকি তেলে চেরা কাঁচা লঙ্কা ও সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে দিন। তারপর একটি পাত্রে সর্ষে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং জল মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। সেটা কড়াইতে ঢেলে দিন।
মশলা কষানো হলে তাতে পরিমাণমতো জল ও ২ চামচ আম তেল দিতে হবে। এবার ঝোল ফুটতে দিন।
ঝোল ফুটলে ভাজা ইলিশ মাছগুলো ঝোলে দিন। তারপর ঢাকা দিয়ে ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।
শেষে উপর থেকে কাঁচা সর্ষের তেল ও চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। তারপর গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।