17 August, 2026

BY- Aajtak Bangla

ঘটি বাড়ির স্টাইলে চিকেন পোস্ত, জেনে নিন রেসিপি

মুরগির মাংস যাঁদের প্রিয়, তাঁদের জন্য আজ একটা পদের কথা বলব। এর নাম ঘটি বাড়ির চিকেন পোস্ত। এটি বানানোর রেসিপি জানুন। 

কী কী লাগবে? ৫০০ গ্রাম চিকেন নিন। সেই সঙ্গে ৪ থেকে ৫ টেবিল চামচ পোস্ত নিতে হবে। এছাড়া একটা বড় পেঁয়াজের কুচি ও পেঁয়াজ বাটা নিয়ে নিন। 

সেই সঙ্গে ১ চাচম চেরা আদা ও রসুন বাটা, ৪-৫টি চেরা কাঁচালঙ্কা, আধ চামচ হলুদ, স্বাদমতো নুন ও চিনি নিন। এছাড়া সামান্য সর্ষের তেল এবং ১ কাপ জল লাগবে।

এক্ষেত্রে সবার প্রথমে চিকেন ভাল করে ধুয়ে নিন। তারপর জল ঝরিয়ে নিতে হবে।

এবার কড়াইতে সর্ষের তেল গরম করুন। সেখানে পেঁয়াজ কুচি বা পেঁয়াজ বাটা হালকা বাদামি করে ভাজুন।

এরপর হলুদ গুঁড়ো ও ধুয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। চিকেনের রং যতক্ষণ না বদলায়, ততক্ষণ পর্যন্ত ভাজুন।

মাংস থেকে তেল ছাড়লে পরিমাণমতো পোস্ত বাটা, নুন ও সামান্য চিনি দিতে হবে। 

মশলার সঙ্গে চিকেন খুব ভাল করে কষাতে থাকুন। মশলা থেকে তেল আলাদা হলে ১ কাপ জল এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। 

কড়াই ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট রান্না করুন। মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখুন। এতে গ্রেভি ঘন হবে।

সবশেষে উপর থেকে কাঁচা সর্ষের তেল ও চেরা কাঁচালঙ্কা ছড়িয়ে দিন। তারপর গরম গরম পরিবেশন করুন। তাহলেই কাজ শেষ। তৈরি হয়ে গেল চিকেন পোস্ত।