02 March,2026
BY- Aajtak Bangla
দোল মানেই রংয়ের উল্লাস, আবিরের রঙিন ছটা আর জমিয়ে খাওয়া-দাওয়া। বসন্তের এই উৎসবে রং খেলার পর বিকেল বা সন্ধ্যার আড্ডায় ঠান্ডাই না থাকলে যেন আনন্দটাই অসম্পূর্ণ থেকে যায়। তবে এবার বাজারচলতি পানীয় নয়, বাড়িতেই বানানো ঠান্ডাই পাউডার দিয়ে চমকে দিতে পারেন অতিথিদের।
ঘরে তৈরি এই বিশেষ ঠান্ডাই পাউডারই হয়ে উঠতে পারে দোলের সেরা আকর্ষণ। শুধু শরবত নয়, এই এক পাউডার দিয়েই বানানো যাবে তিন ধরনের লোভনীয় মিষ্টি। স্বাদে অনন্য, আবার অতিথি আপ্যায়নেও থাকবে নতুনত্বের ছোঁয়া।
ঠান্ডাই পাউডার বানাতে আধ কাপ করে কাঠবাদাম, কাজু ও পেস্তা নিতে হবে। তার সঙ্গে ২০-২৫টি গোলমরিচ, ১০টি এলাচ, ২ টেবিল চামচ পোস্ত, ১ টেবিল চামচ চারমগজ, ২ টেবিল চামচ মৌরি, সামান্য জাফরান, শুকনো গোলাপের পাপড়ি ও এক চা চামচ জায়ফল গুঁড়ো মিশিয়ে মিক্সিতে ভালো করে গুঁড়ো করলেই তৈরি হবে সুগন্ধি ম্যাজিক পাউডার।
এই পাউডার দিয়েই বানানো যায় ঠান্ডাই রসমালাই। লিটার দুয়েক দুধ জ্বাল দিয়ে অর্ধেক করে নিয়ে তাতে চিনি ও ঠান্ডাই পাউডার মিশিয়ে কয়েকটি রসগোল্লা দিয়ে ফুটিয়ে নিলেই তৈরি রাজকীয় স্বাদের রসমালাই। উপর থেকে পেস্তাকুচি ছড়িয়ে ঠান্ডা করে পরিবেশন করলে প্রশংসা মিলবেই।
শুধু তাই নয়, ছোটদের জন্য বানানো যেতে পারে ঠান্ডাই পপস। ঘন দুধে অল্প চালের গুঁড়ো, চিনি ও ঠান্ডাই পাউডার মিশিয়ে ক্ষীর তৈরি করে ঠান্ডা হলে কুলফির ছাঁচে ঢেলে জমিয়ে নিন। দোলের দিনে রঙের সঙ্গে এই মিষ্টি চমক ছোটদের আনন্দ দ্বিগুণ করবে।
আরেকটি অভিনব পদ ঠান্ডাই ভাপা দই। জল ঝরানো টক দই, কনডেন্সড মিল্ক ও ঠান্ডাই পাউডার মিশিয়ে ভাপিয়ে নিলেই তৈরি সুস্বাদু ভাপা দই। সারারাত ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করলে স্বাদে মুগ্ধ হবেন সবাই।
দোলের দিনে সাধারণ শরবতের বদলে এই তিন রকম ঠান্ডাই মিষ্টি পরিবেশন করলে আপনার আতিথেয়তা পাবে নতুন মাত্রা। ঘরোয়া উপকরণে সহজ রেসিপি, অথচ স্বাদে অনবদ্য—এবারের দোল হোক আরও মিষ্টিমুখে ভরা।