BY- Aajtak Bangla
আলু তো রোজ খান। তবে চাইলে ছাদে টবেও আলু ফলাতে পারেন। করতে পারেন চাষ। সেটা কীভাবে সম্ভব? আসুন জেনে নেওয়া যাক।
কয়েকটা বড় টব নিতে হবে। জল বেরিয়ে যাওয়ার জন্য পাত্রের নীচে অবশ্যই ছিদ্র থাকতে হবে।
প্রায় ৬০ ভাগ সাধারণ মাটি এবং ৪০ ভাগ ভাল মানের জৈব সার মিশিয়ে মাটি তৈরি করুন। এছাড়া মাটির সঙ্গে সামান্য নিমখোল বা কাঠের ছাই মিশিয়ে দিতে পারেন।
এবার ভাল মানের অঙ্কুরিত বীজ আলু বেছে নিন। বড় আলু হলে টুকরো করে নিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে যেন প্রতি টুকরোয় অন্তত একটি, দুটি অঙ্কুর বা চোখ থাকে।
এরপর টবে প্রথমে অর্ধেক মাটি দিন। তারপর আলুগুলো বসিয়ে দিন। আলুর চোখগুলো ওপরের দিকে থাকবে। এরপর আবার মাটি দিয়ে ঢেকে দিন।
গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে আরও মাটি বা জৈব সার দিন। তাতে গাছটির গোড়া ঢেকে যাবে।
আলু চাষের জন্য পর্যাপ্ত আলোর প্রয়োজন। তাই ছাদে যেখানে অন্তত ৬ ঘণ্টা সরাসরি রোদ আসে এমন জায়গায় টবগুলো রাখুন। নিয়মিত জল দিন। অবশ্য বেশি জল দিলে সমস্যা হতে পারে।
চারা রোপণের প্রায় ৩ মাসের মধ্যে গাছ হলুদ হয়ে শুকিয়ে যেতে পারে। তখন বুঝবেন আলু তোলার সময় হয়ে গেছে। এবার সাবধানে মাটি খুঁড়ে আলু সংগ্রহ করে নিন।