BY- Aajtak Bangla
26 September 2026
এখন শীতকাল ছাড়াও সারা বছর পাওয়া যায় ফুলকপি।
আর ফুলকপির রকমারি পদ খেতে বেশ ভালই লাগে। এই ফুলকপি দিয়েই বানাতে পারেন পরোটা।
তবে এই পরোটার পুরটাই কিন্তু আসল। দেখে নিন তাহলে ফুলকপি পরোটার রেসিপি।
উপকরণ আটা, ফুলকপি, জিরে গুঁড়ো, আমচুর পাউডার, গরম মশলার গুঁড়ো, মৌরি গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, লবণ, পরিমাণমতো তেল ও ঘি।
ফুলকপি মাঝারি মাপের কেটে জলে ভাল করে ধুয়ে নিন। তারপর গ্রেট করে নিন। আটায় প্রথমে নুন, তেল মাখিয়ে নিন। তারপর অল্প অল্প করে জল দিয়ে আটা মেখে নিন।
১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন আটার মণ্ড। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি হালকা ভেজে নিন।
এতে গ্রেট করে রাখা ফুলকপি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন সব একসঙ্গে দিয়ে নেড়েচেড়ে রান্না করুন কিছুক্ষণ। আঁচ নিভিয়ে দিন।
এর পর ফুলকপির মধ্যে একে একে জিরে গুঁড়ো, আমচুর পাউডার, মৌরি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি ভাল ভাবে মিশিয়ে নিয়ে পুরটি ঠান্ডা হতে দিন।
আটা থেকে লেচি কেটে তার মধ্যে ফুলকপির পুর ভরে দিন। সামান্য আটা দিয়ে খুব সাবধানে পরোটা বেলে নিন। খেয়াল রাখবেন যাতে পুর বেরিয়ে না যায়।
তাওয়া গরম করে পরোটাগুলো প্রথমে উল্টেপাল্টে সেঁকে নিন। তারপর পরোটা দুই পিঠে ঘি লাগিয়ে ভেজে নিন ভাল করে।
ব্যস, তৈরি ফুলকপির পরোটা! গরম গরম পরিবেশন করুন।