04 June 2026

BY- Aajtak Bangla

সহজেই বানান অভিনব দই ডিম পোস্ত, রেসিপি জানুন

অনেকেই পোস্ত খেতে ভালোবাসেন। তবে আজ আর একঘেয়ে কোনও পদ নয়, বরং একটা ফিউশনের রেসিপি জানাব।

এক্ষেত্রে দই ডিম পোস্তের রেসিপি জেনে নিন। এটা বাড়িতে বানিয়ে খেলে হাত চাটতে বাধ্য হবেন। 

কী লাগবে? ৪টি সিদ্ধ ডিম নিন। পাশাপাশি পোস্ত ৩-৪ চামচ, টক দই, কাঁচা লঙ্কা ৪-৫টি, পেঁয়াজ বাটা ১টি ও আদা রসুন বাটা ১ চামচ নিতে হবে।

এছাড়া হলুদ ও লঙ্কা গুঁড়ো সামান্য, পাঁচফোড়ন ও সর্ষের তেল ৪ থেকে ৫ টেবিল চামচ লাগবে।

এবার সামান্য পোস্ত, জল ও দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিন।

এরপর সেদ্ধ ডিমগুলোতে কাঁটা চামচ দিয়ে সামান্য ফুটো করে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে। তারপর কড়াইতে সর্ষের তেল গরম করে নিন। সেখানে ডিমগুলো হালকা লালচে করে ভেজে তুলে রাখুন।

এই তেলেই পাঁচফোড়ন বা কালো জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। এরপর পেঁয়াজ বাটা দিয়ে হালকা ভাজুন। আদা-রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে।

মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে পোস্ত বাটা ও সামান্য হলুদ-লঙ্কা গুঁড়ো দিন। তারপর ফেটানো টক দই মিশিয়ে দিন। কষে গেলে প্রয়োজনমতো নুন ও সামান্য জল দিন। 

ঝোল ফুটে উঠলে ভাজা ডিম ও চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে ৪-৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। তাহলেই কাজ শেষ।