18 June 2026

BY- Aajtak Bangla

বাড়িতেই বানান টেস্টি পালং পনির, রইল সেরা রেসিপি

পনির খেতে অনেকেই ভালোবাসেন। আর তাদের জন্য আজ একটা সেরার সেরা রেসিপি জানাব। এই রেসিপির নাম পালং পনির।

এই পদ বানান খুব একটা কঠিন নয়। বরং খুব সহজেই এটা বানান যায়। আসুন জানা যাক।

কী লাগবে? পালং শাক নিন ১ আঁটি। এছাড়া পনির লাগবে ২০০ গ্রাম। পেঁয়াজ ও টমেটো কুচানো লাগবে, আদা-রসুন বাটা লাগবে ১ চামচ। 

এছাড়া জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও গরম মশলা আধ চামচ করে নিন। পাশাপাশি তেল, মাখন, ফ্রেশ ক্রিম ২ চামচ এবং নুন, চিনি লাগবে।

পালং শাকগুলো গরম জলে ২-৩ মিনিট ফুটিয়ে নিতে হবে। এরপর শাক ঠান্ডা জলে ডুবিয়ে রাখুন। তারপর শাকের পেস্ট বানিয়ে নিতে হবে।

ওদিকে পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে তুলে নিন। তারপর কড়াইতে তেল বা মাখন গরম করে জিরে ফোড়ন দিন। এরপর পেঁয়াজ কুচি ও আদা-রসুন বাটা দিয়ে ভাজুন। 

পেঁয়াজ নরম হলে টমেটো কুচি ও গুঁড়ো মশলাগুলো দিয়ে দিন।

তারপর মশলা থেকে তেল ছাড়লে পালং শাকের পেস্ট ও নুন-মিষ্টি দিতে হবে। গ্রেভি ফুটলে পনিরের টুকরোগুলো দিয়ে দিন।

এভাবে অল্প আঁচে ৫ মিনিট কম আঁচে ঢাকা দিয়ে রাখুন। শেষে নামানোর আগে গরম মশলা ও ক্রিম ছড়িয়ে দিন। তৈরি পালং পনির।