2 July 2026

BY- Aajtak Bangla

রেস্তোরাঁর থেকেও সুস্বাদু হবে পনিরের রেজালা, রেসিপি জানুন 

পনির খেতে ভালোবাসেন? তাহলে এবার বানিয়ে নিন পনিরের রেজালা। এই পদ বানানোর সেরা রেসিপি জানুন।

কী কী লাগবে? পনির নিন ২৫০ গ্রাম। টক দই লাগবে ৪ টেবিল চামচ। এছাড়া ১টা মাঝারি আকারের পেঁয়াজের বাটা, আদা ও রসুন বাটা ১ চা চামচ, কাজুবাদাম ও চারমগজ বাটা ২ টেবিল চামচ, কাঁচা লঙ্কা ৩ থেকে ৪টি নিন। 

এছাড়া ফোড়নের জন্য ১টি তেজপাতা, ২-৩টি ছোট এলাচ, ৩টি লবঙ্গ, ১ ইঞ্চি দারুচিনি, কয়েকটি গোলমরিচ এবং ২টি শুকনো লঙ্কা নিতে হবে। সেই সঙ্গে ঘি, তেল, নুন ও চিনি নিন প্রয়োজন মতো।

সবার প্রথমে পনিরগুলি ভেজে নিন। হালকা সোনালী করে ভাজতে হবে।

তারপর কড়াইতে তেল ও ঘি গরম করুন। এবার ফোড়নের মশলাগুলো দিন। সুগন্ধ বের হলে পেঁয়াজ বাটা দিন। এরপর হালকা বাদামী হওয়া পর্যন্ত ভাজতে থাকুন।

এবার আদা-রসুন বাটা দিয়ে ১ মিনিট কষিয়ে নিন। এরপর কাজুবাদাম ও চারমগজ বাটা দিয়ে দিন।

আঁচ একদম কমিয়ে ফেটানো টক দই, নুন ও সামান্য চিনি দিন। এবার ভালোভাবে নাড়তে থাকুন। সামান্য জল দিতে পারেন।

গ্রেভি ফুটতে শুরু করলে পনিরের টুকরোগুলো ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিন। ঢাকা দিয়ে মাঝারি আঁচে ৫-৭ মিনিট রান্না করুন। 

গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে সামান্য ঘি, গোলাপ জল ও কেওরা জল ছড়িয়ে দিন। তারপর গ্যাস বন্ধ করে দিন।