06 June 2026

BY- Aajtak Bangla

বানান রেস্টুরেন্ট স্টাইলে বাটার চিকেন, রইল সহজ রেসিপি

সাধারণ মুরগির মাংস খেতে অনেকেরই ভাল লাগে না। এই পরিস্থিতিতে বানিয়ে নিন বাটার চিকেন। আর এটা বানানোর রেসিপি জানুন। 

কী কী লাগবে? মুরগির মাংস নিন ৫০০ গ্রাম, টক দই দিন আধ কাপ, ১ টেবিল চামচ আদা বাটা, ১ টেবিল চামচ রসুন বাটা,কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ টেবিল চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, সরষের তেল ১ টেবিল চামচ ও নুন নিন।

কী লাগবে? এছাড়া গ্রেভির জন্য লাগবে- মাখন ৪ টেবিল চামচ, পেঁয়াজ ১টি, আদা-রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো ৩টি, কাজুবাদাম ১০-১২টি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, চিনি ১ চা চামচ, ফ্রেশ ক্রিম ৪ টেবিল চামচ, কসুরি মেথি ১ চা চামচ ও তেল ১ টেবিল চামচ। 

এবার চিকেন ম্যারিনেশনের পালা। এক্ষেত্রে একটি পাত্রে দই, আদা, রসুন, কাশ্মীরি লঙ্কা, গরম মশলা, লেবুর রস, তেল এবং লবণ এক সঙ্গে মিশিয়ে নিন। ভালভাবে মিশিয়ে ১ থেকে ২ ঘণ্টা ফ্রিজে রাখুন।

এবার প্যানে হালকা তেল দিয়ে মাংসগুলি উচ্চ আঁচে হালকা পোড়া করে ভেজে নিন। 

তারপর প্যানে আরও ১ টেবিল চামচ তেল এবং ১ টেবিল চামচ মাখন গরম করুন। তাতে পেঁয়াজ কুচি ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে নাড়ুন। টমেটোর টুকরো এবং কাজুবাদাম দিতে হবে।

সামান্য নুন দিন। তাতে টমেটো নরম হয়ে যাবে। এবার ভাল করে কষিয়ে নামিয়ে নিন। ঠান্ডা করুন। ঠান্ডা হলে ব্লেন্ডারে সামান্য জল দিয়ে একদম মিহি পেস্ট তৈরি করুন। তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে মসৃণ পিউরি বের করুন।

তারপর কড়াইতে বাকি মাখনটুকু গরম করে ছেঁকে রাখা পিউরিতে ঢেলে দিন। এর সঙ্গে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও চিনি মিশিয়ে মাঝারি আঁচে ফুটিয়ে নিতে হবে।

গ্রেভি ঘন হয়ে এলে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিতে হবে। ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করার পর ফ্রেশ ক্রিম এবং কসুরি মেথি ছড়িয়ে দিন। ভালোভাবে মিশিয়ে ১-২ মিনিট গ্যাস বন্ধ করে দিন। তৈরি বাটার চিকেন।