BY- Aajtak Bangla
রুই মাছ খেতে খুব ভালোবাসেন? তাহলে আজ একটা সেরার সেরা পদ সম্পর্কে জেনে নিন। এর নাম হল রুই মাছের কালিয়া। এটি বানানো খুবই সহজ।
কী কী লাগবে? রুই মাছ নিন ৪ থেকে ৫ টুকরো, নুন ও হলুদ গুঁড়ো নিন পরিমাণমতো, ফোড়ন হিসেবে তেজপাতা ১টি, এলাচ ২-৩টি, দারচিনি ও লবঙ্গ সামান্য লাগবে।
এছাড়া ১টি বড় সাইজের পেঁয়াজের বাটা, আদা-রসুন বাটা ১.৫ চা চামচ, ১টি টমেটো বাটা, টক দই নিন ৩-৪ টেবিল চামচ।
এছাড়া গুঁড়ো মশলা হিসেবে জিরে গুঁড়ো ১ চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১.৫ চামচ, ধনে গুঁড়ো ১ চামচ লাগবে। সঙ্গে নিন চিনি ও নুন স্বাদমতো, সর্ষের তেল ভাজার ও রান্নার জন্য, এছাড়া গরম মশলা গুঁড়ো ও ঘি নিন ১ চা চামচ করে।
রুই মাছের টুকরোগুলো ধুয়ে নিন নুন ও হলুদ মেখে নিন। তারপর সর্ষের তেলে হালকা করে ভেজে তুলে নিতে হবে।
ওই তেলেই তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। এবার পেঁয়াজ বাটা দিয়ে হালকা বাদামী করে ভেজে আদা-রসুন বাটা দিন।
এরপর জিরে, ধনে ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে গুলে কড়াইতে দিন। টমেটো বাটা দিয়ে মশলা ভাল করে কষিয়ে নিন যতক্ষণ না তেল ছেড়ে আসে।
গ্যাস কমিয়ে ফেটানো টক দই ও সামান্য চিনি দিন। তারপর নাড়াচাড়া করুন।
পরিমাণমতো গরম জল ও স্বাদমতো নুন দিন। ঝোল ফুটলে ভেজে রাখা মাছগুলো গ্রেভিতে ছেড়ে দিন। তারপর উপর থেকে চেরা কাঁচা লঙ্কা, এক চামচ ঘি এবং গরম মশলা গুঁড়ো ছড়িয়ে ঢাকা দিয়ে ২-৫ মিনিট রেখে নামিয়ে নিন।