BY- Aajtak Bangla
20 September 2026
গরম ভাতের সঙ্গে আলু ভর্তা- বাঙালির কাছে এর চেয়ে সহজ আর তৃপ্তির খাবার কমই আছে।
কিন্তু সাধারণ আলু সেদ্ধকে যদি অন্যরকম স্বাদ দিতে চান, কাজে লাগবে একটি বিশেষ মশলার কৌশল।
প্রথমে আলু ভালো করে সেদ্ধ করে নিন। পাশাপাশি টম্যাটোও সেদ্ধ করে রাখুন।
ভর্তায় হালকা টক স্বাদ পছন্দ হলে টম্যাটোর পরিমাণ একটু বেশি রাখতে পারেন।
এবার আসল মশলা তৈরির পালা। লাগবে এক কোয়া রসুন, এক চিমটে গোটা জিরে এবং এক চিমটে গোটা ধনে।
কড়াইয়ে সর্ষের তেল গরম করে প্রথমে শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিন।
এরপর একে একে দিন গোটা জিরে, গোটা ধনে এবং সবশেষে রসুন। মশলাগুলি ভালো করে ভেজে নিন।
মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে এবার সেদ্ধ টম্যাটো দিয়ে দিন।টম্যাটোকে মশলার সঙ্গে ভালো করে ভেজে কষিয়ে নিন। তেল ছাড়তে শুরু করলেই বুঝবেন মশলা তৈরি।
এবার সেই গরম মশলার মধ্যে সেদ্ধ আলু দিয়ে ভালো করে মেখে নিন। চাইলে স্বাদমতো নুনও যোগ করতে পারেন।
ব্যস, তৈরি হয়ে গেল ঝাল-টক-মশলার গন্ধে জমজমাট আলু ভর্তা। গরম ভাতের সঙ্গে পরিবেশন করলেই এক থালা ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না।