BY- Aajtak Bangla
অনেকেই মাছের কচুরি খেতে ভালোবাসেন। তবে রোজ রোজ আর বাইরে থেকে কিনে খাওয়া সম্ভব নয়।
তাই বাড়িতেই বানিয়ে নিন মাছের কচুরি। জেনে নিন এটি তৈরি করার টিপস।
প্রথমে মাছের পুর তৈরি করতে হবে। এক্ষেত্রে রুই বা কাতলা মাছ নুন-হলুদ দিয়ে সেদ্ধ করে কাঁটা ও চামড়া ফেলে দিন। কড়াইতে সরষের তেল গরম করে পেঁয়াজ কুচি সোনালি করে ভেজে নিতে হবে।
এবার আদা-রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং চেরা কাঁচালঙ্কা দিয়ে মশলা কষে নিন।
সিদ্ধ মাছ ও স্বাদমতো নুন-চিনি দিয়ে কম আঁচে ভালো করে ভাজুন। গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।
ময়দায় ২ থেকে ৩ টেবিল চামচ তেল, ঘি এবং নুন মিশিয়ে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে মেখে একটি নরম ডো তৈরি করুন। ১৫-২০ মিনিট রেখে দিন।
এবার ডো থেকে লেচি কেটে গোল করে মাঝখানে মাছের পুর ভরে নিন। তারপর মুখ ভালো করে বন্ধ করে নিতে হবে। হালকা করে তেল মাখিয়ে লেচিগুলো ছোট লুচির আকারে বেলুন।
এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিন। মাঝারি আঁচে কচুরিগুলো বাদামি করে ভেজে তুলে ফেলুন।