BY- Aajtak Bangla
12 September, 2026
পাঁঠার মাংস তো প্রায়ই খান। এবার টেস্ট করুন মাটন পোস্ত। এই পদ একবার খেলে হাত চাটবেন।
কী কী লাগবে? ৫০০ গ্রাম মাটন নিন। সেই সঙ্গে পোস্ত বাটা লাগবে ৫০ গ্রাম। টক দই নিন ১৫০ গ্রাম। এছাড়া আদা ও রসুন বাটা নিন ১ চামচ করে।
ফোড়নের জন্য হলুদ, লঙ্কা ও জিরে গুঁড়ো নিতে হবে। সেই সঙ্গে সর্ষের তেল ৫ থেকে ৭ টেবিল চামচ নিন। এছাড়া লাগবে নুন ও চিনি স্বাদমতো। সেই সঙ্গে গরম মশলা গুঁড়ো নিন ১ চা চামচ।
প্রথমে মাটন ধুয়ে নিন। তারপর জল ঝরাতে দিন। জল ঝরে গেলে হলুদ, নুন, আদা-রসুন বাটা এবং টক দই দিয়ে দিন। এভাবে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
এরপর কড়াইতে সর্ষের তেল গরম করুন। তাতে তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে। এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা লালচে করে ভেজে নিন।
ম্যারিনেট করা মাংস কড়াইতে দিন। সেটা মাঝারি আঁচে ভাল করে কষাতে থাকুন। মাংস থেকে তেল ছাড়লেই জিরে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিতে হবে।
এবার কড়াইতে পরিমাণমতো গরম জল দিন। তারপর ঢাকা দিয়ে মাংস সেদ্ধ করুন। মাংস মোটামুটি সেদ্ধ হয়ে এলে বেটে রাখা পোস্ত বাটা ও চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন।
মশলা ও পোস্তর সঙ্গে মাংস ভাল করে মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করুন। তেল ভেসে উঠলে উপর থেকে গরম মশলা গুঁড়ো ছড়াতে হবে। তারপর নামিয়ে নিন। তৈরি মাটন পোস্ত।