BY- Aajtak Bangla
দোকানের আলুর দম খেতে ভালোবাসেন? কিন্তু বাড়িরটা পছন্দ হয় না? তাহলে রান্নায় কোথাও একটা ভুল হচ্ছে।
তবে চিন্তা নেই, বাড়িতেই বাঙালি স্টাইলে সুস্বাদু নিরামিষ আলুর দম বানিয়ে নেওয়া যায়। আর সেটা বানানোর রেসিপি রইল।
কী কী লাগবে? আলু ৫০০ গ্রাম, ২টো মাঝারি আকারের টমেটো কুচি, আদা বাটা ১ চা চামচ, কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ, কাজু-পোস্ত বাটা ১ টেবিল চামচ, জিরা ও ধনে গুঁড়ো ১ চা চামচ।
এছাড়া পরিমাণ মতো হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা (এলাচ, লবঙ্গ, দারচিনি), তেজপাতা চিনি, নুন ও সর্ষের তেল নিন।
প্রথমে আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। তারপর নুন ও হলুদ মাখিয়ে তেলে ছেড়ে দিন। সোনালি করে ভেজে তুলে রাখতে হবে।
ওই তেলে তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিন। আদা বাটা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে জেজে নিতে হবে। এরপর টমেটো পেস্ট, গুঁড়ো মশলা (জিরা, ধনে, লঙ্কা, হলুদ) দিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিন।
এবার কাজু-পোস্ত বাটা ও সামান্য চিনি দিয়ে দিন। ভালো করে কষান। ভাজা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে মিশিয়ে সামান্য জল ও নুন দিয়ে দিতে হবে।
এরপর ঢাকা দিয়ে কম আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন। যতক্ষণ না আলু নরম হয় এবং গ্রেভি ঘন হয় ততক্ষণ করতে ঢাকা দিয়ে রাখুন। তাহলেই তৈরি হয়ে যাবে আলুর দম।