BY- Aajtak Bangla
আলুর দম খেতে ভালোবাসেন না এমন বাঙালি কম আছে। তবে আলুর দম নিরামিষভাবে কীভাবে বানালে স্বাদ কয়েকগুণ বাড়ে? শিখুন।
ছোট আলু: ৫০০ গ্রাম (খোসা ছাড়ানো), টমেটো: ২টি, আদা বাটা: ১ চা চামচ, কাঁচা লঙ্কা: ২-৩টি (মাঝারি চেরা), টক দই: ৪ টেবিল চামচ, কাজু ও চারমগজ বাটা: ১.৫ টেবিল চামচ, ফোরন: তেজপাতা ১টি, শুকনো লঙ্কা ১টি, গোটা জিরে ১/২ চা চামচ, ছোট এলাচ ২টি, লবঙ্গ ৩টি, দারুচিনি ১ টুকরো।
এছাড়া গুঁড়ো মশলা: হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১ চা চামচ, জিরে গুঁড়ো ১ চা চামচ, ধনে গুঁড়ো ১ চা চামচ।
সরিষার তেল অল্প, নুন, চিনি এবং গরম মশলা গুঁড়ো আধ চা চামচ নিন।
খোসা ছাড়ানো আলুগুলোতে কাঁটা চামচ দিয়ে সামান্য ফুটো করে নিন। কড়াইতে তেল গরম করে আলুতে সামান্য নুন ও হলুদ দিয়ে সোনালী করে ভেজে তুলে রাখুন।
ওই তেলেই ফোরনের মশলাগুলো দিয়ে দিন। সুন্দর গন্ধ বের হলে আদা বাটা ও টমেটো পেস্ট দিয়ে দিন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে গুঁড়ো মশলাগুলো এবং কাঁচা লঙ্কা দিয়ে দিন।
মশলা কষে এলে কাজু-চারমগজ বাটা এবং ফেটানো টক দই দিয়ে আঁচ একদম কমিয়ে দিন। নুন ও চিনি দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।
ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিন এবং ২ মিনিট নাড়াচাড়া করুন। এরপর ১ কাপ মতো উষ্ণ জল দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে ১০-১৫ মিনিট রান্না করুন।