BY- Aajtak Bangla
বাঙালি মানেই তো চিংড়ি ও ইলিশ। এই দুই মাছের প্রতি আমাদের ভালোবাসা চিরন্তন।
তবে চিংড়ির মতো সুস্বাদু মাছও অনেকে শুধু গতানুগতিক রেসিপিতে বানিয়ে যান। তাতে একটা সময়ের পর খেতে লাগে বিস্বাদ।
যদিও ভাল খবর হল, আপনি চাইলে একটু নতুনভাবেই চিংড়ির পদ বানিয়ে নিতে পারেন। আর সেই পদের রেসিপি দিলাম আমরা। তাই ঝটপট বানান পোস্ত চিংড়ি।
চিংড়ি মাছ লাগবে ২০০-৩০০ গ্রাম, ৩ টেবিল চামচ কাঁচালঙ্কা দিয়ে বাটা পোস্ত লাগবে, সরষের তেল ৩-৪ টেবিল চামচ ও কালো জিরে ১/৪ চা চামচ ফোড়নের জন্য।
কাঁচা লঙ্কা ৪-৫টি ঝাল অনুযায়ী, হলুদ গুঁড়ো আধ চা চামচ, নুন ও চিনি স্বাদ অনুযায়ী, ১টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি।
এবার কড়াইতে ১ টেবিল চামচ সরষের তেল গরম করুন। তারপর নুন-হলুদ মাখিয়ে চিংড়ি মাছ হালকা করে ভেজে নিন।
ওই একই কড়াইতে বাকি তেল দিয়ে কালো জিরে ও চেরা কাঁচা লঙ্কা ফোড়ন দিন। তারপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালী করে ভেজে নিতে হবে।
এবার পোস্ত বাটা দিয়ে সামান্য হলুদ ও নুনের সঙ্গে ১-২ মিনিট কষান। তেল ছাড়লে জল দিন।
ঝোল ফুটলে ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিন। ঢাকনা দিয়ে ৩-৪ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। তৈরি হয়ে গেল পোস্ত চিংড়ি। এবার হাত চেটে খাওয়ার পালা।