16 April, 2026
BY- Aajtak Bangla
ইলিশ মানেই বাঙালির জিভে জল। নানা রকম পদে ইলিশ পেলে বাঙালির কিছু চাই না।
কিন্তু কোনটি পদ্মার ইলিশ? কোনটির স্বাদ বেশি? কোন সাইজের ইলিশ কিনলে স্বাদ হবে? এমন নানা প্রশ্ন উঁকি দেয় মনে।
না জেনে না চিনে ইলিশ কিনলে অনেক সময় ঠকেও যেতে হয় । তাই জানা জরুরি কোনটা সঠিক ইলিশ।
সমুদ্র আর নদীর ইলিশ দুটোই টর্পেডো আকৃতির হয়। তবে নদীর ইলিশ একটু বেটেখাটো হয়। আর সাগরের ইলিশ হয় সরু ও লম্বা গোছের।
নদীর ইলিশ চকচকে ও বেশি রুপালি রঙের হয়। সেই তুলনায় সাগরের ইলিশ কম উজ্জ্বল।
নদীর ইলিশ বিশেষ করে পদ্মা-মেঘনা অববাহিকার ইলিশের আকার হয় পটলের মতো। এদের মাথা আর লেজ সরু হয়, পেট হয় মোটা।
লেজের একটু উপর থেকেই মাছ গোল হতে শুরু করবে। তবে নদী আর সাগরের ইলিশের মূল পার্থক্য বোঝা যায় মুখে দিলে। অর্থাৎ স্বাদেই বোঝা যায় এটি নদীর ইলিশ না সাগরের।
ইলিশ মাছ আকারে যত বড় হয়, এর স্বাদ তত বাড়ে। আকারে বড় ইলিশকে অনেকে পাকা ইলিশ বলে থাকেন।
সাধারণত, বড় ইলিশ আড়াই থেকে তিন কেজি ওজনের হয়। তবে এক কেজি থেকে সোয়া এক কেজি ওজনের ইলিশের স্বাদই সবচেয়ে সেরা।