BY- Aajtak Bangla
পনির খেতে অনেকেই ভালোবাসেন। তবে এর এক পদ খেতে আর ভালো লাগে না নিশ্চয়ই!
তাই আর সময় নষ্ট নয়, বরং পনিরের একটা সেরা রেসিপি জেনে নিন। বাড়িতেই রেস্তোরাঁ স্টাইলে বানিয়ে নিন পনির মশালা।
গ্রেভি তৈরির জন্য টম্যাটো ৩-৪টি বড় সাইজের, ১-২টি মাঝারি সাইজের পেঁয়াজ, কাজুবাদাম ১০-১২টি।
এছাড়া মাখন ২-৩ টেবিল চামচ, তেল ১ টেবিল চামচ, আদা-রসুন পেস্ট ১ চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১-২ চা চামচ, হলুদ গুঁড়ো ১/২ চা চামচ, ধনে গুঁড়ো ১/২ চা চামচ ও গরম মশলা ১/২ চা চামচ লাগবে।
সেই সঙ্গে ফ্রেশ ক্রিম ২-৩ টেবিল চামচ, কসুরি মেথি ১ চা চামচ ও চিনি ১ চা চামচ।
একটি প্যানে সামান্য জল দিয়ে টম্যাটো, পেঁয়াজ, কাজুবাদাম, আদা, রসুন এবং ১টি তেজপাতা দিয়ে ১০ মিনিট সেদ্ধ করে নিন। মিশ্রণটি ঠান্ডা হলে তেজপাতা দিয়ে মিক্সিতে পেস্ট করুন। তারপর পেস্টটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিন।
কড়াইতে মাখন এবং তেল গরম করে নিন। এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং তৈরি করে রাখা টম্যাটো-কাজুর পেস্ট দিয়ে দিন।
মশলা থেকে তেল আলাদা হওয়া পর্যন্ত মাঝারি আঁচে কষান। স্বাদমতো লবণ ও চিনি দিন। গ্রেভিতে প্রয়োজনমতো গরম জল দিতে হবে। ফুটতে শুরু করলে পনিরের টুকরোগুলো দিয়ে ৫-৭ মিনিট মাঝারি আঁচে রান্না করুন।
শেষে ক্রিম, কসুরি মেথি গুঁড়ো এবং সামান্য মাখন দিয়ে ভালো করে মিশিয়ে ১ মিনিট পর নামিয়ে নিন। তৈরি হয়ে গেল বাটার মশালা।