29 August, 2026
BY- Aajtak Bangla
ডিম দিয়েই বানিয়ে নিন টেস্টি মালাইকারি। এই পদ বানান খুবই সহজ। জানুন এর রেসিপি।
প্রয়োজনীয় উপকরণ ৪টি সিদ্ধ ডিম, ২টি মাঝারি সাইজের পেঁয়াজের বাটা লাগবে। সেই সঙ্গে আদা ও রসুন বাটা নিন ১ চা চামচ। পাশাপাশি কাঁচা লঙ্কা নিন ৪টি।
এছাড়া নারকেলের দুধ নিন ১ কাপ। সেই সঙ্গে জিরে গুঁড়ো ১ চা চামচ, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ, হলুদ গুঁড়ো সামান্য, নুন-চিনি স্বাদমতো তেল নিন সামান্য।
এবার সিদ্ধ ডিমগুলোতে হালকা করে চিঁড়ে নিতে হবে। তারপর কড়াইতে সামান্য তেল গরম করে ডিমগুলো হালকা সোনালী করে ভেজে তুলে রাখুন।
এবার সেই তেলেই পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকুন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেলে আদা-রসুন বাটা দিয়ে দিন। তারপর কাঁচা লঙ্কা দিতে হবে। এবার ভাল করে কষান।
মশলা থেকে তেল ছাড়তে দিন। তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ও সামান্য চিনি দিতে হবে। আবার কষানো শুরু করুন।
এবার কড়াইতে নারকেলের দুধ ঢেলে দেওয়ার পালা। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিন।
মাঝারি আঁচে ৫ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দিন। তাতে ঝোল ঘন হয়ে যাবে। এই সময় নামিয়ে নিন। তৈরি হয়ে গেল ডিমের মালাইকারি।