7 SEPTEMBER, 2026

BY- Aajtak Bangla

ব্রেকফাস্টে ১০ মিনিটে বানান সুজি টোস্ট, টেস্টি আবার পেটও ভরবে

সুজি, পাউরুটি আর কয়েকটি ঘরোয়া উপকরণ থাকলেই তৈরি হয়ে যাবে এই মজাদার ব্রেকফাস্ট। অফিসের তাড়ার সকালেও বানানো সহজ।

প্রথমে একটি পাত্রে ১ কাপ সুজি নিন। তার সঙ্গে আধ কাপ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

এবার এর মধ্যে কুচিয়ে দেওয়া পেঁয়াজ, টমেটো, কাঁচালঙ্কা ও ধনেপাতা দিন। চাইলে সামান্য গাজর বা ক্যাপসিকামও দিতে পারেন।

স্বাদ অনুযায়ী নুন ও সামান্য গোলমরিচ দিন। এবার অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে ঘন ব্যাটার তৈরি করুন।

ব্যাটার তৈরি হয়ে গেলে ২-৩ মিনিট রেখে দিন। এতে সুজি জল শুষে নেবে এবং মিশ্রণটি পাউরুটির উপর লাগানোর মতো ঘন হবে।

এবার পাউরুটির একটি স্লাইস নিয়ে তার একদিকে সুজির মিশ্রণটি ভালো করে লাগিয়ে দিন। খুব বেশি পুরু করে দেবেন না।

তাওয়া গরম করে সামান্য তেল বা মাখন দিন। এবার সুজি লাগানো দিকটি নিচে রেখে পাউরুটিটি তাওয়ায় দিন।

মাঝারি আঁচে কয়েক মিনিট সেঁকে নিন। নিচের দিকটা সোনালি ও মুচমুচে হয়ে এলে পাউরুটিটি উল্টে অন্য দিকটাও হালকা করে সেঁকে নিন।

গরম গরম সুজি টোস্টের উপর সামান্য ধনেপাতা ছড়িয়ে দিন। টমেটো সস, চাটনি বা দইয়ের সঙ্গে পরিবেশন করলে স্বাদ আরও বাড়বে।

সকালে বেশি সময় নেই? মাত্র ১০ মিনিটেই তৈরি এই সুজি টোস্ট। বাইরে মুচমুচে, ভিতরে নরম আর সবজির স্বাদে একেবারে জমজমাট ব্রেকফাস্ট।