BY- Aajtak Bangla
বর্ষা প্রায় এসেই গিয়েছে। এমন পরিস্থিতিতে বাড়িতেই বানিয়ে নিতে পারেন চিকেন কিমার খিচুড়ি। এই পদ বানানোর রেসিপি জানুন।
কী কী লাগবে? ২৫০ গ্রাম চিকেন নিন, সঙ্গে ১ কাপ গোবিন্দভোগ চাল, মুগ ডাল আধ কাপ ও একটা ছোট আলু।
মশলার মধ্যে লাগবে ১টি বড় পেঁয়াজ, আদা-রসুন ১ টেবিল চামচ, ১টি টমেটো মাঝারি সাইজের, হলুদ গুঁড়ো আধ চামচ, জিরে গুঁড়ো আধ চামচ, ধনে গুঁড়ো আধ চামচ, লঙ্কা গুঁড়ো স্বাদ মতো, গরম মশলা গুঁড়ো আধ চা চামচ।
এছাড়া ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে লাগবে। পাশাপাশি তেল ও নুন প্রয়োজন।
চাল ও ডাল একসঙ্গে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। আপনি চাইলে মুগ ডাল শুকনো কড়াইতে একটু ভেজে নিতেও পারেন।
এরপর একটি কড়াইতে তেল ও সামান্য ঘি গরম করে নিন। গোটা জিরে, তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিন। পেঁয়াজ কুচি দিয়ে হালকা বাদামি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর আদা-রসুন বাটা দিয়ে কাঁচা গন্ধ ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে।
এবার টমেটো কুচি দিন। টমেটো নরম হয়ে গেলে হলুদ, জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো এবং নুন অল্প জল দিয়ে মশলা ভালো করে কষাতে হবে।
মশলা কষানো হলে চিকেন কিমা ও আলুর টুকরোগুলো দিয়ে দিন। মশলার সঙ্গে কিমা ৫-৭ মিনিট ভালো করে ভাজুন। কিমা থেকে জল বের হয়ে শুকিয়ে নিতে হবে। সেটা হয়ে গেলে জল ঝরিয়ে রাখা চাল ও ডাল দিয়ে দিন। ৩-৪ মিনিট হালকা আঁচে ভাজুন।
চাল ও ডালের পরিমাণের আড়াই থেকে তিন গুণ গরম জল দিন। ফুটতে শুরু করলে ঢাকা দিতে হবে। চাল ও ডাল সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
চাল ও কিমা পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে উপর থেকে গরম মশলা গুঁড়ো এবং এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিন। গ্যাস বন্ধ করে ৫ মিনিট ঢেকে রাখুন। তৈরি হয়ে গেল চিকেন কিমা খিচুড়ি।