BY- Aajtak Bangla
চিকেনের পদ তো রোজই খান। এবার একটা সেরা রেসিপির কথা শুনুন। এর নাম হায়দরাবাদি চিকন কারি। আর এই পদ খুব সহজেই বানান যায়।
কী কী লাগবে? চিকেন লাগবে ৫০০ গ্রাম। পাশাপাশি টক দই আধ কাপ, ২টো পেঁয়াজ মিহি করে কাটা, আদা ও রসুন বাটা ১ চামচ।
এছাড়া কাঁচা লঙ্কা নিন ৪ থেকে ৫টি। গোটা গরম মশলা লাগবে পরিমাণ মতো। পাশাপাশি আধ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, স্বাদমতো নুন লাগবে।
সেই সঙ্গে ৪ টেবিল চামচ সাদা তেল। ধনেপাতা ও পুদিনাপাতা কুচি লাগবে সামান্য পরিমাণে।
সবার প্রথমে ধুয়ে রাখা চিকেনে টক দই, আদা-রসুন বাটা, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো ও নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। সেটা ৩০-৪০ মিনিট রেখে দিন।
এবার কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি দিন। সেটা সোনালী ও মচমচে করে ভেজে তুলে নিতে হবে। এই ভাজা পেঁয়াজ ও কিছুটা পুদিনাপাতা হাত দিয়ে গুঁড়ো করে ম্যারিনেট করা চিকেনের সঙ্গে মিশিয়ে দিন।
ওই একই তেলে গোটা গরম মশলা ফোড়ন দিতে হবে। তারপর ম্যারিনেট করা চিকেন কড়াইতে ঢেলে দিন। মাঝারি আঁচে ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে কষাতে থাকুন।
মশলা ভালো করে কষে গেলে সামান্য গরম জল এবং চেরা কাঁচা লঙ্কা দিন। ঢাকা দিয়ে মাংস পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। শেষে গ্রেভি গাঢ় হলে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল হায়দরাবাদি চিকেন কারি।