16 June 2026

BY- Aajtak Bangla

টেস্টি লেবু কাতলা কালিয়া বানান বাড়িতেই, রইল রেসিপি

কাতলা মাছ তো খান। এবার লেবু দিয়ে সুস্বাদু কাতলা মাছের কালিয়া তৈরির রেসিপি জেনে নিন।

এক্ষেত্রে কাতলা মাছ নিন ৪ থেকে ৫ টুকরো। সেই সঙ্গে লেবুর রস লাগবে ১ টেবিল চামচ। এছাড়া পেঁয়াজ বাটা আধ কাপ, আদা রসুন বাটা ১ টেবিল চামচ, টমেটো কুচি ১টা ছোট আকারের নিতে হবে।

এছাড়া  তেজপাতা, গোটা গরম মশলা এবং সামান্য জিরে নিন। পাশাপাশি হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো লাগবে। সেই সঙ্গে সর্ষের তেল, নুন ও সামান্য চিনি নিন।

এবার মাছের টুকরোগুলোতে নুন, হলুদ ও সামান্য লেবুর রস মাখিয়ে নিন। এভাবে ১০ মিনিট রাখুন। তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে নিতে হবে। 

ওই তেলে ফোড়ন দিন। তারপর পেঁয়াজ বাটা সোনালী করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে মশলা কষাতে হবে।

গুঁড়ো মশলা, নুন এবং সামান্য জল দিয়ে মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কষতে থাকুন।

এবার জল দিয়ে ঝোল ফুটতে দিতে হবে। ফুটে গেলে ভাজা মাছগুলো দিয়ে দিন।

এবার ঢাকা দিয়ে ৫ মিনিট রান্না করতে হবে। সবশেষে নামানোর আগে উপর থেকে লেবুর রস ছড়িয়ে নিন। তৈরি হয়ে গেল সেরার সেরা লেবু কাতলা কালিয়া।