BY- Aajtak Bangla
রুই মাছ তো নিয়মিত খান। আজ এরই একটা সহজ পদের খোঁজ দিই। এই পদটার নাম রুই মাছের কালিয়া। জেনে নিন এই সুস্বাদু পদ তৈরিতে কী কী লাগবে? কীভাবে বানাবেন?
কী কী লাগবে? রুই মাছ নিন ৪-৫টি টুকরো, পেঁয়াজ বাটা লাগবে আধ কাপ, আদা ও রসুন বাটা নিন ১ টেবিল চামচ, টমেটো পেস্ট নিন ২ টেবিল চামচ, টক দই লাগবে ২ টেবিল চামচ
এছাড়া হলুদ ও লঙ্কার গুঁড়ো নিন ১ চা চামচ, জিরে ও ধনে গুঁড়ো লাগবে ১ চা চামচ, ফোড়ন হিসেবে তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি ও সামান্য জিরে লাগবে। সঙ্গে নিন সরষের তেল, নুন ও চিনি।
সবার প্রথমে রুই মাছের টুকরোতে নুন-হলুদ মাখিয়ে নিন। তারপর সরষের তেলে হালকা সোনালি করে ভেজে তুলে রাখুন।
ওই তেলেই ফোড়ন দিতে হবে। তারপর পেঁয়াজ বাটা দিয়ে ভাজুন। এবার আদা-রসুন বাটা, টমেটো পেস্ট এবং হলুদ, লঙ্কা, জিরে ও ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে যান। দেখবেন কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়বে।
মশলাতে ফেটিয়ে রাখা টক দই এবং সামান্য চিনি দিন। তারপর ভাল করে নাড়িয়ে নিন।
মশলা কষে গেলে পরিমাণমতো গরম জল দিন। ঝোল ফুটে উঠলে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দিতে হবে।
এরপর ঢাকা দিয়ে দিন। মোটামুটি ৫ থেকে ৭ মিনিট মাঝারি আঁচে রান্না করতে হবে। ঝোল ঘন হয়ে আসবে। তখন ওপর থেকে সামান্য গরম মশলা দিয়ে দিন।