ম্যাট্রিমোনিয়াল সাইট বা ডেটিং অ্যাপে- কখনও সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, কখনও আবার ডাক্তার, কিংবা নামী ফিল্ম প্রযোজক! মুখোশের আড়ালে ভয়ঙ্কর প্রতারক। প্রেমের ফাঁদ পেতে দেশের বিভিন্ন প্রান্তের অন্তত ৫০০ জন মহিলার থেকে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বাংলার এক যুবক। ঠিক যেন 'লেডিজ ভার্সেস রিকি বহেল!' উত্তর ২৪ পরগনার বছর ৩৫-এর আনন্দ কুমার কখনও ‘বৈভব অরোরা’, কখনও ‘ডক্টর রোহিত বহল’ আবার কখনও আবার ‘আনন্দ শর্মা’! সম্প্রতি দিল্লি পুলিশের কাছে এক তরুণী অভিযোগ করেন আনন্দের সঙ্গে ডেটিং অ্যাপে আলাপ। নিজের নাম বৈভব বলেছিলেন। ব্যবসায় ক্ষতি, অসুস্থতার কথা বলে ওই তরুণীর থেকে দফায় দফায় সাত লক্ষ টাকা নেন আনন্দ। হোয়াটসঅ্যাপে তরুণীকে জানানো হয়, ‘বৈভব মারা গিয়েছে’। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের আইপি লগ এবং কল ডিটেইলস দেখে উত্তর ২৪ পরগনা থেকে অভিযুক্তকে পাকড়াও করেছে দিল্লি পুলিশ।