চেন্নাই মেট্রোর ব্লু লাইনে মঙ্গলবার সকালে যাত্রীদের জন্য বিরাট দুর্ভোগ। সেন্ট্রাল মেট্রো এবং হাইকোর্ট স্টেশনের মাঝের টানেলে হঠাৎই একটি ট্রেন থেমে যায়। আচমকা বিদ্যুৎ চলে যায়, ভিতরে অন্ধকার নেমে আসে এবং ভেন্টিলেশন বন্ধ হয়ে যায়। প্রায় দশ মিনিট ধরে যাত্রীরা আটকে ছিলেন টানেলের মধ্যে। ঘন অন্ধকার ও বাতাসের অভাবে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত ট্রেনের ভেতর থেকে ঘোষণা করা হয় যে সবার নেমে পড়তে হবে, এবং হাঁটতে হবে প্রায় ৫০০ মিটার দূরের হাইকোর্ট স্টেশন পর্যন্ত। ট্র্যাকের উপর দিয়ে হাঁটতে বাধ্য হন সাধারণ যাত্রীরা, যাঁদের মধ্যে প্রবীণ ও মহিলা যাত্রীও ছিলেন। ঘটনার পরে চেন্নাই মেট্রো রেল কর্তৃপক্ষ জানায়, একটি প্রযুক্তিগত গোলযোগের কারণেই ট্রেন থেমে যায়। দ্রুত যাত্রীদের নিরাপদে বের করে এনে ট্রেনটি পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয় এবং কিছুক্ষণ পরই পরিষেবা স্বাভাবিক হয়। কর্তৃপক্ষ এই অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে।