ওপেক থেকে সংযুক্ত আরব আমিরশাহির বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কি ভারতের জন্য আখেরে লাভজনক? সস্তায় কি পেট্রোল-ডিজেল? কেনই বা আমিরশাহি এই পথে হাঁটল? পুরো বিষয়টি বোঝা যাক। সৌদি আরব, ইরান, ইরাকের মতো তেল উৎপাদনকারী দেশের গোষ্ঠী হল ওপেক। এই গোষ্ঠীর মূল উদ্দেশ্য বিশ্ববাজারে তেলের জোগান নিয়ন্ত্রণ করে দামের রাশ নিজেদের হাতে রাখা। গত কয়েক বছরে এই সমীকরণ বদলেছে। আমিরশাহি নিজের তেল উত্তোলন ক্ষমতা বাড়াতে বিপুল বিনিয়োগ করেছে। কিন্তু ওপেকের বেঁধে দেওয়া কোটার কারণে তারা ক্ষমতা পূর্ণ ব্যবহার করতে পারছিল না। সোজা কথায়, আমিরশাহির গাড়ি জোরে দৌড়তে পারলেও ওপেকের নিয়মের কারণে গতি কমিয়ে চলতে হচ্ছিল। এই লোকসান সইতেই রাজি নয় আবুধাবি। ভারতের জন্য কেন সুসংবাদ? বর্তমানে ভারত তার প্রয়োজনের প্রায় ১০ শতাংশ তেল আমিরশাহি থেকে আমদানি করে। আমিরশাহি যদি রাশিয়ার মতো কম দামে ভারতকে তেল বিক্রি করতে শুরু করে, তবে ভারতের আমদানি খরচ অনেকটাই কমবে। সেই সঙ্গে হরমুজ প্রণালী এড়িয়ে তেল আমদানি সম্ভব। রাশিয়ার তেলের ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার ভয় থাকলেও আমিরশাহির ক্ষেত্রে সেই ঝুঁকি নেই।