পিএফ অ্যাকাউন্ট রয়েছে আপনার? তাহলে এই খবরটা দেখা দরকার। পুরোনো ও নিষ্ক্রিয় পিএফ অ্যাকাউন্টে পড়ে থাকা টাকা সরাসরি গ্রাহকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যে সমস্ত অ্যাকাউন্টে ১০০০ টাকা বা তার কম ব্যালেন্স আছে, সেই টাকা পাওয়ার জন্য কোনও আবেদন বা ছোটাছুটি করতে হবে না। টানা ৩৬ মাস বা ৩ বছর কোনও টাকা জমা না পড়লে পিএফ অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বলে ধরা হয়। এই ধরনের প্রায় ৩১.৮৬ লক্ষ অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ৭.১১ লক্ষ অ্যাকাউন্টে হাজার টাকা বা তার কম রয়েছে। সরকারি সিদ্ধান্তে, ৩০.৫২ কোটি টাকা সরাসরি পৌঁছবে গ্রাহকের অ্যাকাউন্টে। তবে পিএফ অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক এবং ব্যাঙ্ক কেওয়াইসি আপডেট থাকা জরুরি। মৃত্যু হলে সেই টাকা বৈধ উত্তরাধিকারী পাবেন।