হোয়াটসঅ্যাপ আর ফ্রি নয়! বরং দিতে হবে সাবস্ক্রিপশন। তাও আবার মাসে ২.৯৯ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ২৯০ টাকা। বিজ্ঞাপনের ওপর নির্ভরতা কমিয়ে আয় বাড়াতেই মেটার এই সিদ্ধান্ত। এই নতুন পরিষেবার নাম হোয়াটসঅ্যাপ প্লাস। মিলবে এক্সক্লুসিভ ফিচার। ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ভেতরে নিজেদের পছন্দমতো কাস্টম থিম তৈরি করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী বদলে ফেলা যাবে অ্যাপের ভোল। ব্যবহারকারীরা তাঁদের পছন্দের কনট্যাক্টগুলির জন্য আলাদা আলাদা কাস্টম রিংটোন সেট করতে পারবেন। সাধারণ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা যেখানে মাত্র ৩টি চ্যাট পিন করে রাখতে পারেন, সেখানে প্লাস সাবস্ক্রিপশন নিলে একবারে ২০টি চ্যাট পিন করা যাবে। বিশ্বজুড়ে এই সাবস্ক্রিপশনের কথা ঘোষণা করেছে মেটা। তবে ভারতে এর সঠিক দাম কত হবে এবং কবে থেকে এই পরিষেবা চালু হবে, সেই বিষয়ে সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি।