এক ধাক্কায় কমে যাবে সোনার দাম? ভাবছেন ক্লিকবেট! একেবারেই নয়। সোনার দাম সত্যিই কমার সম্ভাবনা তৈরি হয়েছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি সেই ইঙ্গিতই দিচ্ছে। মধ্যপ্রাচ্যে কয়েক মাস ধরে সংকট চললেও সোনা ও রুপোর দামে ভারতে খুববেশি হেরফের হয়নি। ২২ ক্যারেট সোনা এখনও দেড় লাখের কাছাকাছি। সোনা কেন সস্তা হতে পারে? বাজার বিশ্লেষকদের মতে, প্রথমত, মার্কিন ফেডারেল রিজার্ভ অদূর ভবিষ্যতে সুদের হার আরও বাড়াতে পারে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তি বৃদ্ধি পাচ্ছে। সাধারণত মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বৃদ্ধি এবং ডলার, এই দু’টির উপরই সোনার দর নির্ভর করে। সুদ বেশি পেলে বা ডলার শক্তিশালী হলে বিনিয়োগকারীরা আর সোনায় টাকা আটকে রাখেন না। সোনা বেচতে শুরু করেন। স্বাভাবিকভাবেই সোনার দাম কমে। এটাও মনে রাখতে হবে, সোনার দামের পিছনে একাধিক ফ্যাক্টর কাজ করে। তাই শুধুমাত্র একটি পূর্বাভাসের ভিত্তিতেই বিনিয়োগের সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়।