রাস্তায় বাইক বা গাড়ি নিয়ে বেরিয়েছেন অথচ পকেটে ড্রাইভিং লাইসেন্স নেই? প্রযুক্তির যুগে ভরসা স্মার্টফোনের এম-পরিবহণ অ্যাপ। ডিজিটাল লাইসেন্স দেখালেই কি সব সমস্যার সমাধান? নাকি ট্র্যাফিক পুলিশের হাত থেকে বাঁচতে সঙ্গে রাখতেই হবে ফিজিক্যাল লাইসেন্স? কলকাতা পুলিশের এক কর্তাই পুরোটা জানিয়ে দিলেন। এম-পরিবহণ অ্যাপে নথি দেখানো অপরাধ নয়। তবে ডিউটি অফিসার চাইলে ফিজিক্যাল লাইসেন্স দেখতে পারেন। চালক দেখাতে বাধ্য। মানে লাইসেন্সটি তাঁর হাতে দিতেই হবে। লাইসেন্স বাজেয়াপ্ত করতে আসল কার্ডটাই দরকার। লাইসেন্স না থাকলে পুলিশ অফিসার চাইলে সময় দিতে পারেন। নির্দিষ্ট সময়ের মধ্যে লাইসেন্স এনে দেখাতে হবে। মোদ্দা কথা, এম-পরিবহণ অ্যাপ ফোনে থাকা ভালো। রাস্তায় আইনি জটিলতা বা অনভিপ্রেত ঝামেলা এড়াতে মানিব্যাগে অরিজিনাল লাইসেন্স রাখাটাই বুদ্ধিমানের কাজ।