সংক্রান্তির ঠিক আগে রাজ্যজুড়ে ফের জাঁকিয়ে ঠান্ডা। সঙ্গে উত্তুরে হাওয়ার দাপট। কতদিন চলবে এই কনকনে ঠান্ডা? আবহাওয়া অফিস জানিয়েছে, সংক্রান্তি থেকে মাঘের শুরু পর্যন্ত এমন শীত থাকবে। তার কারণ উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝার সম্ভাবনা। মঙ্গলবার বিকেল থেকেই রাজ্যে বইবে উত্তুরে হাওয়া। আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা কমবে। ফলে এখনই ঠান্ডা যাচ্ছে না। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা স্বাভাবিকের দুই থেকে তিন ডিগ্রি নীচে থাকবে। কলকাতা ও আশপাশের জেলায় পারদ নামতে পারে ১১ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। উত্তরবঙ্গেও অবশ্য আগামী সাত দিনে রাতের তাপমাত্রা বিশেষ ওঠানামার সম্ভাবনা নেই। রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা।